জৈন্তাপুরে ধানখেতে মিলল বৃদ্ধের গলা কাটা লাশ
সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর মহাইল গ্রামের নিত্যানন্দ বিশ্বাস ওরফে বতাই (৬০) নামের একজন গৃহস্থ খুন হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁর গলা কাটা লাশ ধানখেত থেকে উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিত্যানন্দ দাশ অবস্থাসম্পন্ন গৃহস্থ ছিলেন। প্রায় ৪০ বিঘা কৃষিজমির মালিক তিনি। তাঁর পরিবারসহ এলাকাবাসীর ধারণা, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নিত্যানন্দকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ গতকাল বুধবার সকালে একই গ্রামের মাহমুদ আলীকে (৫০) আটক করেছে। তাঁর সঙ্গে নিত্যানন্দের জমি নিয়ে পূর্ববিরোধ ছিল।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন নিত্যানন্দ। বিকেল পাঁচটার দিকে গ্রামের শ্মশানঘাটের পাশে পুড়ারটুক এলাকায় ধানখেতের মধ্যে এক ব্যক্তির উপুড় হয়ে থাকা শরীর পড়ে থাকতে দেখে একই গ্রামের দুজন রাখাল বালক। তারা বিষয়টি গ্রামে গিয়ে কয়েকজনকে জানালে সন্ধ্যার দিকে এলাকাবাসী লাশটি নিত্যানন্দের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। গলা কাটা অবস্থায় লাশ পড়ে ছিল। লাশের পাশে একটি ধান কাটার কাস্তে পাওয়া যায়। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা কাস্তে দিয়ে নিত্যানন্দকে গলা কেটে হত্যা করেছে।
উত্তর মহাইল গ্রামে স্ত্রী ও দুই ছেলে নিয়ে নিত্যানন্দের পরিবার। বড় ছেলে নীলমণি বিশ্বাস বলেন, তাঁর বাবার প্রায় ৪০ বিঘা কৃষিজমি রয়েছে। এ জমির বেশ কিছু অংশ প্রায় এক বছর আগে বেদখল হয়েছে। এ নিয়ে একই গ্রামের কয়েকজনের সঙ্গে বিরোধও চলছে। জমিজমা নিয়ে বিরোধ থেকে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাঁরা মনে করছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাহারুল আলম বলেন, প্রায় এক বছর ধরে তাঁর কিছু জমি বেদখল হওয়ার উপক্রম হওয়ায় এ নিয়ে শঙ্কার মধ্যে ছিলেন নিত্যানন্দ। প্রায়ই তিনি জমিজমার বিরোধের বিষয়টি জানাতেন।
জৈন্তাপুর থানার ওসি সফিউল কবির বলেন, এ ঘটনায় গতকাল নীলমণি বিশ্বাস ১০ থেকে ১২ জনের নামে হত্যা মামলা করেছেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।