জৈন্তাপুরে বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ
সিলেটের জৈন্তাপুরে ভারত-বাংলাদেশ সীমান্ত পিলারের কাছে আজ বুধবার একজন বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। স্থানীয় লোকজন লাশ শনাক্ত করেন।
এসব লোকজনের বরাত দিয়ে লালখাল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্প সূত্র জানায়, নিহত যুবকের নাম মো. জমির উদ্দিন। তাঁর বয়স আনুমানিক ২২ বছর।
সীমান্তের¯হর্নি ময়নাবস্তি এলাকার ফরিদ মিয়ার ছেলে জমির পেশায় একজন কৃষক ছিলেন।
বিজিবির স্থানীয় ক্যাম্পে কর্তব্যরত সদস্যদের তথ্যমতে, সকাল সাতটার দিকে লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাঁদের খবর দেন। তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, সীমান্তের ১২৯৯ পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে লাশ পড়ে আছে। তাঁর পিঠে ও বুকে গুলির জখম।
বেলা একটার দিকে বিজিবি ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, গুলিবিদ্ধ একজনের লাশ পাওয়ার বিষয়টি স্থানীয় লোকজনের মাধ্যমে জানা গেছে। লাশ যেহেতু বাংলাদেশ অভ্যন্তরে পাওয়া গেছে, তাই ওই যুবক আসলে কার গুলিতে মারা গেছেন—এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে পুলিশকে খোঁজ নিতে বলা হয়েছে।