জৈন্তাপুরে সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুতার দাম নিয়ে কথা-কাটাকাটির জের ধরে সিলেটের জৈন্তাপুরে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। গত সোমবার রাতে উপজেলার হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে হেমু মাঝপাড়া গ্রামের বশির উদ্দিন, রাহুল মিয়া ও আবদুস শুকুরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
ঘটনা সম্পর্কে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত সোমবার বিকেলে হরিপুর বাজারে একটি দোকানে জুতার দাম নিয়ে দোকানমালিক ও ক্রেতাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে রাত আটটার দিকে বালিপাড়া ও হেমু মাঝপাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় হরিপুর বাজারে আটটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে সিলেট-তামাবিল সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
জৈন্তাপুর থানার ওসি শফিউল কবির জানান, রাত আটটা থেকে দিবাগত রাত আড়াইটা পর্যন্ত কয়েক দফা সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। রাত তিনটার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে দুই পক্ষ ঘটনাস্থল ত্যাগ করায় পরিস্থিতি স্বাভাবিক হয়।