রংপুরের বদরগঞ্জ উপজেলায় যৌতুক না পেয়ে সাবিনা ইয়াসমিন নামের এক গৃহবধূর (৩০) কাছ থেকে জোর করে তালাকনামায় স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত রোববার রাতে ওই গৃহবধূ তাঁর স্বামী রবিউল ইসলাম (৪০), দেবর সবুজ মিয়া, লোহানীপাড়া ইউনিয়নের সাব-কাজি আজমল হোসেনসহ পাঁচজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে পাঁচ দিনেও অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেনি পুলিশ।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বলেন, ‘মামলা হয়নি, হবে। বিষয়টি আমরা যাচাই-বাছাই করে দেখছি।’
ওই লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দুই মাস আগে উপজেলার কাঁচাবাড়ি গ্রামের রবিউলের সঙ্গে সাবিনার পাঁচ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের পর সাবিনার কাছে সাড়ে তিন লাখ টাকা যৌতুক দাবি করেন স্বামীর বাড়ির লোকজন। যৌতুক আনতে অস্বীকৃতি জানালে তাঁর ওপর চালানো হয় নির্যাতন। যৌতুকের জন্য গত শনিবার রাতে রবিউল ও তাঁর (রবিউল) বড় ভাই হামিদুল ইসলাম সাবিনাকে মারধর করেন। খবর পেয়ে সাবিনার ভাই শাহাদৎ হোসেন বোনকে উদ্ধার করতে গেলে তাঁকেও আটকে রেখে বোন ও ভাইকে হত্যার হুমকি দিয়ে জোর করে তালাকনামায় স্বাক্ষর নেন স্বামীর বাড়ির লোকজন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বুধবার কাঁচাবাড়ি গ্রামে গিয়ে অভিযুক্ত রবিউলকে পাওয়া যায়নি। এ সময় তাঁর ভাই অভিযুক্ত সবুজ মিয়া বলেন, ‘ভাবির আরও এক জায়গায় বিয়ে হয়েছিল। তথ্য গোপন করে ভাবির পরিবার দুই মাস আগে আমার বড় ভাইয়ের সঙ্গে বিয়ে দেয়। এটা জানার পর দুপক্ষের আপসে তালাক হয়েছে। ভাবি স্বেচ্ছায় তালাকনামায় স্বাক্ষর দিয়েছেন।’ তাহলে তিনি আপনাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করলেন কেন? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ভাই এসব নিয়ে পত্রিকায় না লেখাই ভালো হবে। ওরা মিথ্যা অভিযোগ দিয়ে কোনো লাভ পাবে না। কারণ আমি নিজেই একটি অনলাইন পত্রিকার সাংবাদিক।’
অভিযুক্ত সাব-কাজি আজমল হোসেন বলেন, ‘রবিউল আমার শ্যালক। আমি তালাকনামায় স্বাক্ষর নিইনি। নিয়েছেন লোহানীপাড়া ইউনিয়নের নিকাহ নিবন্ধক (কাজি) নুরুল ইসলাম।’ তবে গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে নুরুল ইসলাম বলেন, ‘আমি ওই তালাকনামায় স্বাক্ষর নিইনি। একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ওসিকে অনেক কিছু লাগিয়েছে।’ গৃহবধূর এক আত্মীয় বলেন, তালাকনামায় কাজি হিসেবে স্বাক্ষর নিয়েছেন আজমল নিজেই।
সাবিনা অভিযোগ করে বলেন, ‘স্বামীর বাড়ির লোকজন যৌতুকের জন্য আমাকে প্রায় মারধর করতেন। ওরা গত শনিবার রাতে আমার বড় ভাই ও আমাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তালাকনামায় স্বাক্ষর নেন। চার দিন আগে থানায় অভিযোগ দিয়েছি। কিন্তু পুলিশ এখন পর্যন্ত মামলা নথিভুক্ত করেনি।’