জোরপূর্বক বিয়ে দিয়ে চাঁদাও আদায় করল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে রাজশাহীতে বেড়াতে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে বিয়ে করতে বাধ্য করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। এর পর তাঁর কাছ চাঁদাও আদায় করেছে তাঁরা। ওই শিক্ষার্থীর অভিযোগ, ছাত্রলীগের ওই নেতা-কর্মীরা চাঁদার জন্য তাঁকে নির্যাতন করেছেন।

আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নির্যাতনের শিকার জাহাঙ্গীর আলমকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল থেকে উদ্ধার করা হয়। জাহাঙ্গীরের বাড়ি নওগাঁর পোরশা উপজেলায়। তিনি সম্প্রতি ঢাকার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (সম্মান) শেষ করেছেন।

জাহাঙ্গীর আলমের দাবি, রাজশাহী কলেজের এক ছাত্রীর সঙ্গে তাঁর সাড়ে তিন বছরের সঙ্গে ধরে প্রেমের সম্পর্ক। গতকাল শনিবার তিনি রাজশাহীতে আসেন। শনিবার বিকেলে ওই ছাত্রীর সঙ্গে তাঁর দেখা হয়। কিন্তু সন্ধ্যায় ওই ছাত্রীর বন্ধু ও রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগকর্মী কাফী ও তার সহযোগীরা নগরের একটি ছাত্রাবাস থেকে তাঁকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের মাঠে ধরে নিয়ে আসে।

জাহাঙ্গীর ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাধিক নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, জাহাঙ্গীরকে ধরে নিয়ে আসার পর কাফী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি আয়াতুল্লাহ বেহেশতি, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ ওরফে কৌশিক, সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, ছাত্রলীগকর্মী এরশাদুর রহমান ওরফে রিফাত, তরিকুল ও রানা জোর করে বৃষ্টির সঙ্গে জাহাঙ্গীরকে বিয়ে দিতে চান। এতে তিনি রাজি না হওয়ায় তাঁকে অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়। পরে রাতে জোর করে ওই মাঠে কাজী ডেকে তাঁদের বিয়ে করিয়ে দেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে মেয়েটিকে বাসায় পাঠিয়ে দিয়ে জাহাঙ্গীরকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলে আটকে রাখে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

ছাত্রলীগ ও হলের একাধিক আবাসিক শিক্ষার্থী সূত্রে জানা গেছে, রোববার সকালে জাহাঙ্গীর হল থেকে চলে যেতে চাইলে তাঁকে যেতে দেওয়া হয়নি। এর পর মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে থাকা ১০ হাজার টাকা তুলে নেওয়া হয় এবং পরিচিতজনদের কাছ থেকে আরও ১০ হাজার টাকা আনানো হয়। এর পর তাঁকে আরও ৩০ হাজার টাকার ব্যবস্থা করতে চাপ দেয় ছাত্রলীগের ওই নেতা-কর্মীরা। একপর্যায়ে জাহাঙ্গীরকে হলের আরেকটি কক্ষে নিয়ে রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের কর্মী কাফি ও অন্য নেতা-কর্মীরা মারধর করে।

পরে আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাংবাদিক জাহাঙ্গীরকে উদ্ধার করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় ঘটনায় জড়িতরা হলে থাকলেও পুলিশ তাঁদের আটক করেনি।

ঘটনার সম্পর্কে জানতে চাইলে নির্যাতনকারী ছাত্রলীগ নেতাদের একজন আয়াতুল্লাহ বেহেশতি বলেন, রাজশাহী কলেজের এক ছাত্রীর সঙ্গে ওই ছেলে (জাহাঙ্গীরের) দীর্ঘদিন ধরে প্রেম। ওই ছাত্রী ও তাঁর বন্ধুদের অনুরোধে কয়েকজন তাঁদের বিয়ের ব্যবস্থা করেছে। রাত হওয়ায় সে আমাদের সঙ্গে হলে ছিল। আজ (রোববার) সে আমাদের কাছ থেকে চলে গেছে। আমরা আর কিছু জানি না।’

এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, ‘ছাত্রলীগের যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ প্রশাসনকে আমরা বলেছি জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সোলাইমান চৌধুরী বলেন, জাহাঙ্গীরের কাছ থেকে লিখিত অভিযোগ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।