জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, উদ্ধার-৬
কক্সবাজার শহরের সমিতিপাড়া থেকে জোর করে ট্রলারে তুলে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের সময় পুলিশ গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় ছয় তরুণকে উদ্ধার করেছে। তাঁরা হলেন, কুমিল্লার চান্দিনা উপজেলার গৌরবপুর গ্রামের খলিল, কাউছার, শাকিল, শরিফ, কামাল ও কাউসার।
উদ্ধার হওয়া খলিল এই প্রতিবেদককে জানান, তাঁরা ছয় বন্ধু তিন দিন আগে কক্সবাজার ভ্রমণে আসেন। মহেশখালীর সোনাদিয়া এলাকার শাহাদাত নামের এক বন্ধু তার বোনের বিয়ের নিমন্ত্রণ দিয়ে গত বৃহস্পতিবার রাতে তাদের সমিতিপাড়ার দিদারুল আলমের বাড়িতে নিয়ে যায়। এরপর দিদার তাদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে বাড়িতে আটকে রাখে। রাত ১২টার দিকে দিদারের লোকজন তাদের জোর করে ট্রলারে তুলে দেওয়ার চেষ্টা করলে তাঁরা হইচই শুরু করেন। এরপর স্থানীয় লোকজন ছুটে এলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সমিতিপাড়ার বাসিন্দা ও কক্সবাজার পৌরসভার কাউন্সিলর আকতার কামাল বলেন, ছয় তরুণকে মালয়েশিয়ায় পাচারের জন্য দিদারের বাড়িতে বন্দী করে রাখা হয়েছিল।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, উদ্ধার ছয় তরুণের জবানবন্দি মতে দিদারুল আলমকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে থানায় মানবপাচার আইনে মামলা করা হয়েছে। অভিযুক্ত লোকজনকে ধরার চেষ্টা চলছে।