জোড়া খুন মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জোড়া খুন মামলার অভিযোগপত্রভুক্ত আসামি ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক (বহিষ্কৃত) সাইফুল আলম ওরফে লিমনসহ (২৪) চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা হলেন, তার সহযোগী আজিজুল হক (২৮) ও তৌহিদুল ইসলাম (২৯) এবং তার গাড়িচালক সাদ্দাম হোসেন (২৩)।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরের লালখান বাজার এলাকায় লিমনের বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানান র‍্যাব।
র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে লিমনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। গাড়িচালকসহ তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি পিস্তল, তিনটি ওয়ান শ্যুটার গান, চারটি পিস্তলের গুলি ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আতিক চৌধুরী জানান, ২০১৩ সালের ২৪ জুন চট্টগ্রাম নগরের রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর (সিআরবির) সামনে যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর ও লিমনের অনুসারীদের মধ্যে সংঘর্ষে যুবলীগের কর্মী সাজু পালিত (২৮) ও শিশু আরমান (৮) নিহত হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় গত সোমবার লিমনকে প্রধান আসামি করে ৬২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। রেলের কোটি টাকার দরপত্র নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ঘটনার দিন লিমনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তিনি এ মামলায় জামিনে আসেন।
জানা গেছে, লিমন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে সিআরবি এলাকায় দরপত্র নিয়ে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।