মাথায় অস্ত্রোপচারের দুই দিন পরও জ্ঞান ফেরেনি জয়পুরহাটের কালাইয়ের স্কুলছাত্রীটির। গত সোমবার দুপুরে অস্ত্রোপচারের পর থেকে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছে। গত শুক্রবার রাতে নিজ ঘরে দুর্বৃত্তের হামলার শিকার হওয়ার পর থেকেই সে সংজ্ঞাহীন।
গতকাল বুধবার রাত নয়টার দিকে ঢাকা মেডিকেলের উপপরিচালক খাজা আবদুর গফুর বলেন, রোগীর জ্ঞান ফেরেনি, অবস্থা স্থিতিশীল। তবে এখনো আশঙ্কামুক্ত নয়।
ছাত্রীটির ফুফা বলেন, দুপুরে চিকিৎসক বলেছেন, ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাবে না।
ছাত্রীটির পরিবারের ধারণা, দেয়াল টপকে এসে ঘরে ঢুকে নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা জানে না পরিবার।
প্রথমে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় শনিবার মেয়েটির চাচা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কালাই থানায় মামলা করেন। এ মামলায় গতকাল পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
ঢাকা মেডিকেলের শিশু ওয়ার্ডের চিকিৎসক অসিত চন্দ্র সরকার বলেন, ওই স্কুলছাত্রীর মাথায় শক্ত কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। আঘাতটি গভীরে না ঢুকে চেপে আছে। এ জন্য আঘাতটি মস্তিষ্কে না লেগে তালুতে লেগেছে।
গতকাল রাত আটটার দিকে যোগাযোগ করা হলে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, স্কুলছাত্রীকে আহত করার ঘটনায় করা মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত আছে। কোনো ক্লু পাওয়া না গেলেও দ্রুতই আসামিদের ধরা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।