জ্বলন্ত কাঠ দিয়ে পিটুনিতে হাত ভাঙল শিশু কর্মচারীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি আনতে দেরি হওয়ায় চুয়াডাঙ্গার দামুড়হুদায় হোটেলের শিশু কর্মচারীকে গতকাল বৃহস্পতিবার জ্বলন্ত কাঠ দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোটেলের মালিক ও এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই শিশুর নাম সুমন হোসেন (১২)। পিটুনিতে তার বাঁ হাত ভেঙে গেছে। সুমনকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুমন দামুড়হুদা উপজেলা শহরের বাসস্ট্যান্ডে অবস্থিত রিপন হোটেল অ্যান্ড ভাতঘরের কর্মচারী। গতকাল দুপুর ১২টার দিকে সে থালাবাসন মাজাঘষার কাজ করছিল। হোটেলের আরেক কর্মচারী আবু বকর তাকে নলকূপ থেকে পানি আনতে বলে। হাতের কাজ শেষ করে পানি আনে সুমন। পানি আনতে দেরি হওয়ায় আবু বকর হোটেলের চুলার জ্বলন্ত কাঠ দিয়ে সুমনকে পেটাতে শুরু করে। মাটিতে লুটিয়ে পড়লে তার বুকে ও মুখে লাথি মারা হয়। সে যন্ত্রণায় ছটফট করলেও হোটেলের মালিক ও কর্মচারীদের কেউ এগিয়ে আসেননি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লাইলা শবনম শারমিন বলেন, সুমনের বাঁ হাতের কবজির ওপরে ভেঙে গেছে। এ ছাড়া আগুনে হাতের কিছু অংশ ঝলসে গেছে।
দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ মো. ফকরুল আলম খান বলেন, সুমনের মা লাকি খাতুন তিনজনকে আসামি করে মামলা করেন। আসামি হোটেলমালিক আবদুল মজিদ (৫০) ও কর্মচারী মোমেনা খাতুনকে (৪০) গতকালই গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।