কিশোরগঞ্জের ভৈরবে চুলার আগুনে পুড়ে গতকাল শনিবার আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তার মা শিরিনা বেগমকে (৩৮) আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।
শিশুটির নাম ইয়ামিন মিয়া। সে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুর গ্রামের মোবারক মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, শিরিনা-মোবারক দম্পতির চার ছেলের মধ্যে ইয়ামিন সবার ছোট। পেশায় কৃষক মোবারকের ছয় সদস্যের সংসার টেনেটুনে চলে। এ কারণে অনেক আগে থেকেই শিরিনা অন্তর্মুখী হয়ে পড়েন। প্রতিবেশীদের সঙ্গে কম কথা বলতেন। গতকাল বেলা নয়টার দিকে শিরিনা মাটির চুলায় রান্না করছিলেন। রান্না শেষে বড় পাতিলে পানি গরম করেন। পরে পাতিলটি সরিয়ে রাখেন। পরে শিশুসন্তান ইয়ামিনকে জ্বলন্ত চুলার মধ্যে ফেলে পাতিলের গরম পানি ঢেলে দেন তিনি। এরপর বাড়ি থেকে বেরিয়ে যান। তৃতীয় ছেলে রিফাত ঘটনাটি দেখে ফেলে। কিছুক্ষণ পর মোবারক বাড়িতে ফিরলে সে বাবাকে ঘটনাটি বলে। মোবারক দ্রুত শিশুটিকে চুলা থেকে টেনে বের করলেও ততক্ষণে সে দগ্ধ হয়ে মারা যায়।
মোবারক বলেন, চার বছর ধরে তাঁর স্ত্রী কিছুটা মানসিক ভারসাম্যহীন। গতকাল সকালে নাশতা তৈরির জন্য শিরিনা তাঁকে লবণ কিনে আনতে বলেন। তিনি লবণ আনতে দোকানে গেলেও ফিরতে কিছুটা বিলম্ব হয়ে যায়। এসে দেখেন ইয়ামিন চুলার আগুনে পুড়ছে।
এদিকে এলাকাবাসী শিরিনাকে পাশের নবীপুর গ্রাম থেকে ধরে পুলিশের হাতে তুলে দেন। ভৈরব থানায় গিয়ে দেখা যায়, শিরিনা চুপচাপ বসে আছেন। কারও ডাকে সাড়া দিচ্ছেন না। তবে একপর্যায়ে তিনি নিজের সন্তানকে আগুনে পুড়িয়ে মারার কথা স্বীকার করেন।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের গতকাল প্রথম আলোকে বলেন, মোবারক বাদী হয়ে গতকাল বিকেলে হত্যা মামলা করেছেন। মামলায় শিরিনাকে একমাত্র আসামি করা হয়েছে। তাঁকে গতকাল আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।