
পানামা পেপারসের পর এবার প্যারাডাইস পেপারস। বিশ্বের বড় বড় দেশের প্রভাবশালী রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীদের সঙ্গে এসেছে বাংলাদেশিদের নামও। প্যারাডাইস পেপারসে এসেছে ১১ ব্যক্তি ও বাংলাদেশ নামযুক্ত ১০টি প্রতিষ্ঠানের নাম। বেশির ভাগ প্রতিষ্ঠানই জ্বালানি খাতের সঙ্গে সম্পর্কিত।
ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ছোট্ট একটি অঞ্চল বারমুডা। অঞ্চলটি নামমাত্র করের বিনিময়ে ব্যবসা করার জন্য বা সহজেই কোম্পানি নিবন্ধনের জন্য পরিচিত। এর একটি ল ফার্মের নাম অ্যাপলবি। বারমুডায় যারা কোম্পানি নিবন্ধন করেছে, তাদের সব তথ্য ছিল অ্যাপলবির কাছে। সম্প্রতি অ্যাপলবির হাতে থাকা ১ কোটি ৩৪ লাখ গোপন নথির তথ্য ফাঁস হয়ে চলে যায় অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের (আইসিআইএজে) কাছে। সংগঠনটির সঙ্গে যুক্ত ৬৮ দেশের ৩৮০ জন অনুসন্ধানী সাংবাদিক বর্তমানে তথ্যগুলো নিবিড় তদন্ত করছেন। প্রতিদিন নতুন তথ্য বের করছেন তাঁরা। তবে কেউ অর্থ পাচারের সঙ্গে যুক্ত—এ কথা এখনো বলা হয়নি।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টুর নাম আছে প্যারাডাইস পেপারসের তালিকায়। এনএফএম এনার্জি লিমিটেড নামের বারমুডায় নিবন্ধিত একটি কোম্পানির শেয়ারধারী হিসেবে তাঁর নাম এ তালিকায় রয়েছে। এনএফএম এনার্জির শেয়ারধারী হিসেবে আবদুল আউয়াল মিন্টুর স্ত্রী নাসরিন ফাতেমা আউয়ালের নামও আছে। নথিতে বাংলাদেশের ঠিকানা উল্লেখ করা হয়েছে ঢাকার বীর উত্তম সি আর দত্ত রোডের অ্যাংকর টাওয়ারে অবস্থিত মাল্টিমোড লিমিটেড। এ ছাড়া প্যারাডাইস পেপারসে আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল, তাফসির মোহাম্মদ আউয়াল ও তাজওয়ার মোহাম্মদ আউয়ালের নামও রয়েছে।
জানতে চাইলে আবদুল আউয়াল মিন্টু গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্যারাডাইস পেপারসে আমাদের নাম রয়েছে বলে পত্রিকায় পড়েছি, খবরও শুনেছি। তালিকায় কেন আমাদের নাম উঠল বুঝতে পারছি না।’ ১৯৭১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত বিদেশে ছিলেন জানিয়ে মিন্টু বলেন, ‘তখন শিপিং ব্যবসা করতাম এবং সব গুটিয়ে সারা জীবনের অর্জন নিয়ে একসময় দেশে চলে আসি। বাংলাদেশ থেকে কোনো দিন কোনো টাকা বিদেশে পাঠিয়ে দিইনি, পাঠানোর দরকার পড়েনি, ভবিষ্যতেও দরকার পড়বে না।’
সাপ্তাহিক ছুটির কারণে শনিবার ও রোববার বন্ধ থাকায় বিদেশে যোগাযোগ করতে পারছেন না জানিয়ে জনাব মিন্টু জানান, প্যারাডাইস পেপারসে নাম নিয়ে আগামী মঙ্গলবার তিনি একটি ব্যাখ্যা দেবেন।
বাংলাদেশি নাগরিকদের মধ্যে তালিকায় আছে ফয়সাল চৌধুরীর নাম। গ্লোবেলেক এশিয়া ও গ্লোবেলেক এশিয়া হোল্ডিংস নামে বারমুডায় নিবন্ধিত দুটি প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর নাম যুক্ত। ২০০৫ সালের ফেব্রুয়ারি থেকে এই দুটি প্রতিষ্ঠানের পরিচালক ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি আছেন। ঢাকার বনানীর বি ব্লকের একটি বাসা ফয়সাল চৌধুরীর ঠিকানা। তা ছাড়া ফয়সাল চৌধুরীর সঙ্গে যোগাযোগের ঠিকানা হিসেবে নারায়ণগঞ্জের মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের তথ্যও উল্লেখ আছে। তিনি যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রতিষ্ঠান এইএস বাংলাদেশের কর্মকর্তা থাকার সময়ে প্রতিষ্ঠানটি মালয়েশিয়ার কোম্পানি পাওয়ারটেকের কাছে বিক্রি হয়ে যায়। এরপর তিনি পাওয়ারটেক বাংলাদেশের প্রধানের দায়িত্বে ছিলেন।
বাংলাদেশি নাগরিক হিসেবে প্যারাডাইস পেপারসের তালিকায় রয়েছে ব্যবসায়ী শহীদ উল্লাহর নামও। ওয়েস্টার্ন অ্যাটলাস ইন্টারন্যাশনাল, ওয়েস্টার্ন অ্যাটলাস আফ্রিকা, ওয়েস্টার্ন অ্যাটলাস নাইল ডেলটা নামের বারমুডায় নিবন্ধিত তিনটি প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত কোম্পানিগুলোর সঙ্গে তিনি যুক্ত ছিলেন। র্যামশর্ন গ্লোবাল এনার্জি লিমিটেড নামের বারমুডায় নিবন্ধিত আরেকটি কোম্পানির শেয়ারধারী হিসেবেও তাঁর নাম রয়েছে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক শহীদ উল্লাহ যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাস করেন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে ফরিদা ওয়াই মোগলের নাম প্যারাডাইস পেপারসের নথিতে আছে। ২০১২ সালের সেপ্টেম্বর থেকে তিনি অ্যাংকর ইনভেস্টমেন্টস নামে বারমুডায় নিবন্ধিত একটি কোম্পানির পরিচালক। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা এলাকায় তাঁর ঠিকানা।
ঢাকার বারিধারার বাসিন্দা সামির আহমেদের নাম আছে প্যারাডাইস পেপারসের তালিকায়। কেম্যান আইল্যান্ডে নিবন্ধিত ড্রাগন ক্যাপিটাল ক্লিন ইনভেস্টমেন্টস লিমিটেড নামের একটি কোম্পানির শেয়ারধারী হিসেবে তাঁর নাম এসেছে। ২০১০ সালের ডিসেম্বর থেকে তিনি কোম্পানিটির সঙ্গে যুক্ত। তাঁর ঠিকানা ঢাকার বারিধারায় ১৫ জাতিসংঘ রোড। তিনি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসির পরিচালক এবং আরএসএ ক্যাপিটালের প্রতিষ্ঠাতা। সামির আহমেদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ব্যক্তিপর্যায়ে বাংলাদেশিদের মধ্যে সর্বশেষ নামটি ব্রামার অ্যান্ড পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট বাংলাদেশ লিমিটেড নামের একটি কোম্পানির। বারমুডায় নিবন্ধিত ফ্রন্টিয়ার ফান্ড নামের একটি কোম্পানির শেয়ারধারী হিসেবে ২০০৮ সাল থেকে রয়েছে ব্রামার অ্যান্ড পার্টনারসের নাম। বাংলাদেশে এই কোম্পানির ঠিকানা হিসেবে ঢাকার ৫০ মহাখালী বাণিজ্যিক এলাকার বেজ ভবনকে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান অনন্ত গ্রুপের মনোনীত পরিচালক খালিদ কাদির। তিনি ব্রামার অ্যান্ড পার্টনার্সের প্রতিনিধি হিসেবে কোম্পানিটির পরিচালক। সাবেক গণফোনের সহপ্রতিষ্ঠাতা তিনি।
ব্যক্তি ছাড়া বাংলাদেশে নিবন্ধিত বেশ কয়েকটি কোম্পানির নাম প্যারাডাইস পেপারসে আছে। এগুলো হলো ইউনোকল বাংলাদেশ লিমিটেড, ইউনোকল বাংলাদেশ এক্সপ্লোরেশন লিমিটেড, ইউনোকল বাংলাদেশ ব্লক সেভেন লিমিটেড, ইউনোকল বাংলাদেশ ব্লক ফাইভ লিমিটেড, ইউনোকল বাংলাদেশ ব্লক টেন লিমিটেড, ইউনোকল বাংলাদেশ ব্লকস ১৩ ও ১৪ লিমিটেড, ইউনোকল বাংলাদেশ ব্লক ১২ লিমিটেড, বার্লিংটন রিসোর্সেস বাংলাদেশ লিমিটেড, ফ্রন্টিয়ার বাংলাদেশ-বারমুডা লিমিটেড, টেরা বাংলাদেশ ফান্ড লিমিটেড। টেরা বাংলাদেশ ছাড়া এসব কোম্পানির সব কটিই বারমুডায় নিবন্ধিত। টেরা বাংলাদেশ লিমিটেড কোম্পানিটি কেম্যান আইল্যান্ডে নিবন্ধিত।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইউনোকল নামের কোম্পানিগুলোর মধ্যে দুটি বাংলাদেশে ১৫ থেকে ১৬ বছর আগে গ্যাসকূপ খনন ও অনুসন্ধানকাজে যুক্ত থেকে ব্যবসা করে। এর মধ্যে ২০০৫ সালে ইউনোকলকে কিনে নেয় যুক্তরাষ্ট্রের কোম্পানি শেভরন। এরপর গঠিত হয় শেভরন বাংলাদেশ ব্লক ১২ লিমিটেড এবং শেভরন বাংলাদেশ ব্লক ১৩ ও ১৪ লিমিটেড। ইউনোকল নামের অন্য কোম্পানিগুলো বাংলাদেশে কোনো ব্যবসা করেনি।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্যারাডাইস পেপারসে যাদের নাম এসেছে, আমরা তা গুরুত্বসহকারেই নিচ্ছি। চিন্তা করছি ঘটনার গভীরে যাব এবং তদন্ত করব। খতিয়ে দেখব যে পুরো ব্যাপারটিতে মানি লন্ডারিংয়ের কোনো ব্যাপার আছে কি না।’
প্যারাডাইস পেপারসের নথিতে ভারতের কেন্দ্রীয় সরকারের বেসামরিক বিমান চলাচলমন্ত্রী জয়ন্ত সিনহা এবং সাংসদ রবীন্দ্রকিশোর সিনহা, রাজ্যসভার সাবেক সদস্য বিজয় মাল্যের নাম রয়েছে। রয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শওকত আজিজসহ ১০টির বেশি দেশের সাবেক প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর নাম।