জ্যামিতিক হারে নারী ও শিশু নির্যাতন বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে রোহিঙ্গাদের মতোই বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন জ্যামিতিক হারে বাড়ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির নেতা রুহুল কবির রিজভী বলেন, এই সরকারের আচরণের সঙ্গে আজকে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের আচরণের গরমিল কোথায়? এই সরকার ও মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর আচরণ একই রকম।

টাঙ্গাইলে চলন্ত বাসে জাকিয়া সুলতানা রূপাসহ সারা দেশে নারী ও ‍শিশুদের ওপর নির্যাতনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘রূপাকে বীভৎস নির্যাতনের পর হত্যা বর্তমান সরকারের দুঃশাসনেরই প্রতিফলন। কারণ এরা ক্ষমতাসীন হওয়ার পর থেকে নারী ও শিশু নির্যাতন যেন মহামারি আকার ধারণ করেছে। খাদিজা, মীম, তনু, মিতু—কার কথা বলব। সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যা—এটা তো সবার মুখে মুখে। কোনোটিরই বিচার নেই। সরকারের কোনো উদ্যোগ নেই।’

সাম্প্রতিক কয়েকটি গুমের ঘটনার উল্লেখ করে রিজভী বলেন, ‘ঈদের সাত দিন আগে ছয়জন গুম, আরও গুম হচ্ছেন। অনেক পরিবারের সদস্যরা বলছেন, আপনারা এই কথা (গুমের কথা) বইলেন না, তাহলে আর পাওয়া যাবে না। আমরা টাকাপয়সা দিয়ে উদ্ধার করার চেষ্টা করছি।’

বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রীকে খুশি করার জন্যই খালেদা জিয়ার বিরুদ্ধে তথ্যমন্ত্রী বিষোদ্‌গার করছেন। কারণ এর ওপর ওনার চাকরি নির্ভর করছে, মন্ত্রিত্ব নির্ভর করছে। শেখ হাসিনাকে খুশি করার জন্য ওনাকে বারবার বলতে হবে বেগম খালেদা জিয়ার রাজনীতির লাইসেন্স বাতিল করে দিতে হবে ইত্যাদি।

মহিলা দলের সহসভাপতি জেবা খানের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শামসুন্নাহার ভূঁইয়া, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আমেনা বেগম প্রমুখ।