জ্যেষ্ঠ ও শিক্ষার্থী সেবিকাদের সংঘর্ষ চারজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জ্যেষ্ঠ সেবিকা ও শিক্ষার্থী সেবিকাদের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত নয়টার দিকে দায়িত্ব পালন করছিলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী সেবিকা তমা রানী সরকার ও জ্যেষ্ঠ স্টাফ নার্স মাসুদার রহমান। এ সময় তমা রানী একটি কক্ষে বিশ্রাম করছিলেন। মাসুদার রহমান ওই কক্ষে গিয়ে তাঁকে (তমা) বিরক্ত করছিলেন।
এ ঘটনা জানাজানি হলে হাসপাতাল ক্যাম্পাসে অবস্থিত হোস্টেল থেকে তমার পক্ষে শিক্ষার্থী সেবিকারা ওই রাতেই হাসপাতালে বিক্ষোভ করেন। তাঁরা নার্স অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধায়ক আতাউর রহমানের কাছে নিরাপত্তা চেয়ে অভিযোগ করেন। এ সময় সেখানে জ্যেষ্ঠ সেবিকাদের সঙ্গে শিক্ষার্থী সেবিকাদের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জ্যেষ্ঠ সেবিকা মিজানুর রহমান ও কর্মচারী (এমএলএসএস) মামনুর রশিদ, শিক্ষার্থী সেবিকা আবুল হাশেম ও রফিকুল ইসলাম আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে হাসপাতালে উত্তেজনা বিরাজ করছে। আহত ব্যক্তিরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তদন্ত কমিটির সভাপতি নূরুন্নবী লাইজু বলেন, ‘তদন্ত করছি। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’