হল-মার্ক জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের সাড়ে তিন হাজার কোটি টাকা লুট ও বেসিক ব্যাংকের টাকা লুটপাটের সঙ্গে জড়িত কর্মকর্তারা গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ নিয়ে কমিটি ক্ষোভ প্রকাশ করেছে।
গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ ক্ষোভ প্রকাশ করা হয়। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তাদের এখনো কেন গ্রেপ্তার করা হয়নি, এ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে যোগাযোগ করবেন বলেও জানান।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে হল-মার্ক জালিয়াতির মামলায় অভিযুক্ত সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির এবং বেসিক ব্যাংকের চেয়ারম্যান শেখ আবদুল হাইয়ের বিষয়ে আলোচনা হয়। এ দুজনই বর্তমানে দেশে আছেন বলে একাধিক সদস্য বৈঠকে জানান। তখন অর্থমন্ত্রী বলেন, ‘দেশে থাকলে তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন?’
বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, হল-মার্ক কেলেঙ্কারির মামলায় জড়িত দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অথচ পুলিশ তাঁদের এখনো গ্রেপ্তার করেনি। এ নিয়ে কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন। শেষ পর্যন্ত অর্থমন্ত্রী নিজে বিষয়টি তদারক করবেন বলে কমিটিকে জানিয়েছেন। এ ছাড়া কমিটিও এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দুদককে চিঠি দিয়ে তাগিদ দেবে।
কমিটির সভাপতি আবদুর রাজ্জাক আরও জানান, বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির তদন্তও প্রায় শেষ পর্যায়ে। এ-সংক্রান্ত প্রতিবেদন অচিরেই কমিটিতে পাঠানো হবে।
আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী ছাড়াও সদস্য আবদুল ওয়াদুদ, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী ও শওকত চৌধুরী অংশ নেন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানসহ মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।