বাংলা বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের লাঞ্ছিত করার সঙ্গে জড়িত একজনকেও গ্রেপ্তার তো দূরের কথা এখনো শনাক্তই করতে পারেনি পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, তাঁরা মনে করছেন, এভাবে ছবি দেখে কাউকে শনাক্ত করা সম্ভব নয়।
ওই ঘটনা তদন্তে পুলিশের গঠিত কমিটি প্রতিবেদন দেওয়ার জন্য আরও সময় চাইবে বলে জানা গেছে। এর আগে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য কমিটিকে নির্দেশ দিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার।
নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের লাঞ্ছনার দৃশ্য পুলিশের স্থাপন করা সিসি ক্যামেরায় ধরা পড়ে। বিভিন্ন গণমাধ্যমে সে ছবি প্রকাশ হয়। এরপর লাঞ্ছনার ঘটনায় পুলিশ শাহবাগ থানায় একটি মামলা করে। ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামানের নির্দেশে পুলিশের দুটি কমিটিও গঠন করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা বলেন, নববর্ষ উপলক্ষে রমনা চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সড়ক ও উদ্যানে পুলিশের ১৩১টি ক্যামেরা বসানো ছিল। নিয়ন্ত্রণকক্ষ থেকে সব ক্যামেরার ছবি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। কিন্তু নারী লাঞ্ছনার ছবি দেখেও তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। এমনকি অভিযোগ জানানোর পরও পুলিশের নিয়ন্ত্রণকক্ষ থেকে মাঠে দায়িত্বরত সদস্যদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। অথচ একজন পদস্থ কর্মকর্তা নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে ছিলেন। নিয়ন্ত্রণকক্ষ থেকে সার্বিক পরিস্থিতি ডিএমপি কমিশনারকে সময়-সময় জানানোও হয়।
নারী লাঞ্ছনার ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলমকে ঘটনার তিন দিন পর প্রত্যাহার করা হয়। ঘটনার সময় আশরাফুল ওই এলাকায় দায়িত্বরত ছিলেন। তবে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ছাত্র ইউনিয়নের ছেলেরা না কি এক যৌন নিপীড়ককে ধরে আশরাফুলের কাছে সোপর্দ করেছেন। কিন্তু আশরাফুল বলেছেন, এমন কাউকে তাঁর কাছে দেওয়া হয়নি। তিনি বলেন, এ ঘটনা নিয়ে যে মামলাটি করা হয়েছে তা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।
জানতে চাইলে ডিবির উপকমিশনার কৃষ্ণপদ রায় গতকাল প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় এখন পর্যন্ত তাঁরা কাউকে শনাক্ত করতে পারেননি। ছবিতে কারও চেহারা স্পষ্ট করে দেখা যাচ্ছে না। এভাবে কাউকে শনাক্ত করা সম্ভব নয়। তিনি বলেন, অপরাধীদের ব্যাপারে তথ্য চেয়ে সাধারণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কিন্তু কেউ সাড়া দেয়নি।
তদন্ত কমিটির সদস্য ডিবির উপকমিশনার জাহাঙ্গীর আলম মাতুব্বর গতকাল প্রথম আলোকে বলেন, কমিটির সদস্যরা বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে তথ্য-প্রমাণ সংগ্রহের চেষ্টা করছেন। তবে এখনো কোনো ভুক্তভোগী সাক্ষ্য দিতে আসেননি। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রসহ অনেকের সঙ্গে তাঁরা কথা বলেছেন। কিন্তু কেউ দোষী কাউকে শনাক্ত করতে পারেননি। আবার তথ্য চেয়ে পুলিশ যে ফোন নম্বর সংবাদপত্রে দিয়েছে সেই ফোনে লোকজন গালাগাল করছে।