জড়িত ছয়জনকে শনাক্ত, একজন পাবনায় আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালীতে সন্ত্রাসীদের ধরতে গিয়ে চা বিক্রেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশ ছয়জনকে শনাক্ত করেছে। তাঁদের মধ্যে একজন গত রোববার পাবনায় আটক হয়েছেন।
আটক ব্যক্তির নাম আশরাফুল সেলিম (৩৫)। তিনি নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।
পুলিশ রোববার বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালী শহরের কাজীপাড়া মোড়ে ছয়জন সন্ত্রাসীকে ধাওয়া দেয়। এ সময় একজন পড়ে গেলে তাকে জাপটে ধরেন স্থানীয় চা বিক্রেতা তাছির আহমেদ। তবে তাঁকে গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, পুলিশ কুমারখালীতে গড়াই নদের ওপর অবস্থিত সৈয়দ মাসউদ রুমী সেতুর সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। ওই ফুটেজ থেকে ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে শনাক্ত করতে সক্ষম হয়। ওসি আরও জানান, ঘটনার পরপরই কুমারখালী ও পাবনা সদর থানার পুলিশ দুই উপজেলার সীমানায় ব্যাপক অভিযান শুরু করে। রাত আটটার দিকে পাবনা শহর থেকে আশরাফুলকে আটক করে। গতকাল সোমবার তাঁকে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে গুলিবিদ্ধ চা বিক্রেতা তাছির আহমেদকে পুলিশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তাছির শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।