জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক আতাউর রহমানকে মারধরের ঘটনায় জড়িত একটি সমিতির সভাপতিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বালাগঞ্জ শাখা। সংগঠনটি গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে।
গতকাল বেলা ১১টায় আয়োজিত ওই মানববন্ধনে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে পরিষদের বালাগঞ্জ শাখার সভাপতি আবদুল মুক্তাদিরের সভাপতিত্বে প্রতিবাদ সভা হয়। একপর্যায়ে কর্মসূচিতে ইউএনও এ টি এম আজহারুল ইসলাম এবং ওসি তরিকুল ইসলাম তালুকদার যোগ দিলে তাঁদের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
সমবায় কার্যালয়ের এক কর্মকর্তা অভিযোগ করেন, সমবায় কার্যালয়ে গত বুধবার বিকেলে একটি সমবায় সমিতির বিরুদ্ধে অভিযোগের শুনানি চলাকালে হোসেনপুর-বাবরকপুর সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জিয়া উদ্দিন সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক আতাউর রহমানকে মারধর করেন। একপর্যায়ে তিনি কাঠের টুকরো দিয়ে আঘাত করে আতাউরের কপাল ফাটিয়ে দেন।