জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ বিভিন্ন স্থানে মঠ-মন্দির ভাঙচুর এবং সংখ্যালঘুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছে পেশাজীবী সমন্বয় পরিষদ। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে বক্তারা এ দাবি জানান।

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে পেশাজীবী সমন্বয় পরিষদ ও সর্বস্তরের সংস্কৃতিকর্মীদের যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে মন্ত্রী ছায়েদুল হকের মন্তব্যের তীব্র নিন্দা জানানো হয়। তাঁর বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানান বক্তারা।

সমাবেশে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যেভাবে মঠ-মন্দির ভাঙা হয়েছে এবং সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনায় যে দলের লোকই জড়িত থাকুক না কেন, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। তাঁরা বলেন, প্রশাসনের গাফিলতির কারণে বারবার এ ধরনের ঘটনা ঘটছে। প্রশাসনের লোকজন তৎপর থাকলে একই জায়গায় বারবার ঘটনা ঘটত না। প্রশাসনে ঘাপটি মেরে থাকা সাম্প্রদায়িক কর্মকর্তাকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা।

পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সম্পাদক সাইফুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, নারী নেত্রী নূরজাহান খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাব উদ্দিন, আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, কবি আশীষ সেন, শিক্ষক অঞ্চল চৌধুরী, সুমন দেবনাথ প্রমুখ।