জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে আদালতের এক কর্মচারীকে পেটানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রোববার এক ঘণ্টা কর্মবিরতি দিয়ে মানববন্ধন করেছেন মুখ্য বিচারিক হাকিম আদালতের কর্মচারীরা।

সকাল ১০টায় নারায়ণগঞ্জ আদালতপাড়ায় মুখ্য বিচারিক হাকিম আদালতের কর্মচারী সমিতির উদ্যোগে এই মানববন্ধন করা হয়। কর্মবিরতির কারণে মুখ্য বিচারিক হাকিম আদালতের অধীন নয়টি আদালতে এক ঘণ্টা পর কার্যক্রম শুরু হয়।

মুখ্য বিচারিক হাকিম আদালতের জারিকারক (প্রসেস সার্ভার) দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন, জারিকারক মাহবুব রেজা, আলমগীর হোসেন, কামরুল হাসান, মাসুদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

দেলোয়ার হোসেন বলেন, ‘২৫ মে সকাল সাড়ে নয়টায় আদালতে প্রবেশের সময় ম্যাজিস্ট্রেট স্যারের খাসকামরার সামনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ ওরফে বাদল মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় আমাদের জারিকারক সুমন সরকার মোটরসাইকেলে করে এসে সাইড দেওয়ার জন্য হর্ন বাজান। হর্ন বাজানোয় অতর্কিতে হামলা চালিয়ে তাঁকে আহত করা হয়। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।’

দেলোয়ার হোসেন আরও বলেন, আদালতপাড়ায় সুমন সরকারকে কারণ ছাড়াই পেটানো হয়েছে। অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় মুখ্য বিচারিক হাকিম আদালতের কর্মচারী সমিতি কঠোর আন্দোলন গড়ে তুলবে।

যোগাযোগ করা হলে সুমন সরকার বলেন, ‘আমি এখন পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এ বিষয়ে জানতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাতের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।