জড়িত ব্যক্তিদের শাস্তি ও কার্যালয় খুলে দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেতা-কর্মীদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের শাস্তি ও সংগঠনের সিলগালা করা কার্যালয় খুলে দেওয়ার দাবি করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মার্ক্সবাদী পক্ষ। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়টির সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানায়।
গত বৃহস্পতি ও শুক্রবার বিশ্ববিদ্যালয়টির জব্বার মোড়ে সংগঠনের কার্যালয় দখল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় ছাত্র ফ্রন্টের মার্ক্সবাদী ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) মূলধারা পক্ষ। এতে উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হন। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার কার্যালয়টি সিলগালা করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল বেলা আড়াইটার দিকে সংবাদ সম্মেলন করে মার্ক্সবাদী পক্ষ। এতে লিখিত বক্তব্য পড়েন এই অংশের বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সহসভাপতি জুনায়েদ হাসান। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্নেহার্দ্রি চক্রবর্তী ও সদস্য সেঁজুতি চৌধুরী ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ‘২০১৩ সালে বাসদ বিভক্তির পর থেকেই কার্যালয়টি মার্ক্সবাদী ছাত্র ফ্রন্ট ব্যবহার করে আসছে। বৃহস্পতিবার দুপুরে বাসদ (খালেকুজ্জামান) ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীরা বেশ কিছু বহিরাগত নিয়ে কার্যালয়টি দখল করতে আসেন। বাসদ (খালেকুজ্জামান) ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি কিশোর আহমেদ ও বর্তমান সভাপতি সৌরভ দাস তাঁদের নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালান। এতে আমাদের নেতা-কর্মীরা আহত হন। শুক্রবার কার্যালয়ে থাকা নেতা-কর্মীদের লাঠিপেটা করে পুলিশ বের করে দেয়। এতে আহত লোকের সংখ্যা আরও বাড়ে। গুরুতর অবস্থায় আমাদের চারজন সদস্য হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা এই পরিকল্পিত হামলার বিচার চাই। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তালা খুলে কার্যালয়টি আমাদের ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক এ কে এম জাকির হোসেন বলেন, ‘সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হয়ে কার্যালয়টি সিলগালা করে দিতে বাধ্য হয়েছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছাত্রবিষয়ক উপদেষ্টা ও দুই সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনার পর কার্যালয় খুলে দেওয়া হবে।’
মার্ক্সবাদী ছাত্র ফ্রন্টের সভাপতি রাফিকুজ্জামান ফরিদ সংবাদ সম্মেলনে বলেন, এ আচরণ শিক্ষার্থীদের মধ্যে ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
এ বিষয়ে কথা বলার জন্য বাসদ (খালেকুজ্জামান) ছাত্র ফ্রন্টের সভাপতি সৌরভ দাসের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ধরেননি।