রাজশাহীর বাগমারার খাঁপুর দাখিল মাদ্রাসার তথ্যপ্রযুক্তির (আইসিটি) শিক্ষক আবুল কালাম আজাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গোলাম মোস্তফা (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি চাকু ও শাবল উদ্ধার করেছে পুলিশ।
খাঁপুর গ্রামের বাসিন্দা মাদ্রাসাশিক্ষক আবুল কালাম আজাদকে গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর গতকাল শনিবার শিক্ষকের বাবা মফিজ উদ্দিন হত্যা মামলা করেন। পুলিশ রাতেই জিজ্ঞাসাবাদের জন্য খাঁপুর গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফাকে আটক করে।
হত্যাকাণ্ডের আগে স্ত্রীর সঙ্গে শিক্ষক আবুল কালাম আজাদ কথা বলেছেন। স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথোপকথনের সূত্র ধরে খুনিদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, মৃত্যুর আগে শিক্ষক আবুল কালাম আজাদ মুঠোফোনে ১ মিনিট ২ সেকেন্ড তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলেন। তিনি তাঁকে হত্যার জন্য আক্রমণ করা হয়েছে বলে স্ত্রীকে জানিয়েছিলেন।