
রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যায় জড়িত সন্দেহে অস্ত্রসহ তিনজনকে গত বৃহস্পতিবার রাতে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে কুনিও হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার না দেখিয়ে মামলা করা হয়েছে অস্ত্র আইনে।
অন্যদিকে আটক তিনজনেরই পরিবারের অভিযোগ, গত মাসের শুরুর দিকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের তুলে নিয়ে যায়। এর মধ্যে দুটি পরিবার তখন থানায় জিডি ও সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছিল।
আটক তিনজন হলেন রাজীব হাসান ওরফে মেরিল সুমন, নওশাদ হোসেন ওরফে ব্ল্যাক রুবেল ও কাজল চন্দ্র বর্মণ ওরফে ফরসা কাজল। তিনজনেরই বাড়ি রংপুর শহরে। র্যাব বলেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাতনইল ও বিদিরপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, রাজীবের (২৮) বাড়ি রংপুর শহরের শাহীপাড়ায়। তিনি মহানগর যুবদলের সদস্য। নওশাদের (২৬) বাড়ি শহরের জুম্মাপাড়ায়। কাজলের (৩২) বাড়ি শহরের শালবন মিস্ত্রিপাড়ায়।
গত ৩ অক্টোবর সকালে রংপুর শহরের উপকণ্ঠে কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি। এর আগে এই হত্যা মামলায় হুমায়ুন কবির ওরফে হীরা ও রাশেদ-উন-নবী খান নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। হুমায়ুন ছিলেন কুনিওর ব্যবসায়িক সহযোগী। আর রাশেদ-উন-নবী রংপুর মহানগর বিএনপির সদস্য।
গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে রাজীব, কাজল ও নওশাদকে চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫-এর ক্যাম্পে গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করা হয়। সেখানে র্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বৃহস্পতিবার গভীর রাতে সাতনইল এলাকা থেকে রাজীবকে আটক করে। তাঁর কাছ থেকে একটি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিদিরপুর থেকে আটক করা হয় নওশাদ ও কাজলকে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল ও একটি চাপাতি।
লে. কর্নেল মাহবুব আলম বলেন, র্যাবের জিজ্ঞাসাবাদে ওই তিনজন কুনিও হোশি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, তিনজনই রংপুরের চিহ্নিত সন্ত্রাসী। রংপুরে রাজীবের বিরুদ্ধে হত্যাসহ আটটি, নওশাদের বিরুদ্ধে দুটি ও কাজলের বিরুদ্ধে পাঁচটি মামলা আছে।
আটক তিনজনকে র্যাবের কার্যালয় থেকে দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নেওয়া হয়। সেখানে তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি মামলা করেন র্যাবের নায়েক আবদুস সাত্তার। তবে মামলার এজাহারে রংপুরে জাপানি নাগরিক হত্যার সঙ্গে তাঁদের জড়িত থাকার কথা উল্লেখ নেই।
এ বিষয়ে জানতে চাইলে বিকেলে র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার মোবাশ্বের রহিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রংপুরে জাপানি নাগরিক হত্যা মামলায় এই তিনজন আসামির তালিকার মধ্যে আছেন কি না, এটা তাঁর জানা নেই। তবে র্যাবের ছায়া তদন্তে তাঁরা সন্দেহভাজন ছিলেন। গ্রেপ্তার হওয়ার পর তাঁরা জড়িত থাকার কথা স্বীকারও করেছেন।
তবে সদর থানার জেলহাজতে এবং সেখান থেকে সন্ধ্যায় আদালতে নেওয়ার সময় আটক তিনজন প্রথম আলোকে বলেন, তাঁরা জাপানি নাগরিক কুনিও হত্যার দায় স্বীকার করে র্যাবের কাছে স্বীকারোক্তি দেননি।
রাজীব বলেন, তাঁদের চাঁপাইনবাবগঞ্জ থেকেও গ্রেপ্তার করা হয়নি। চোখ বেঁধে তাঁদের নিয়ে আসা হয়। এর আগে তাঁদের যেখানে রাখা হয়েছে, সেখানে প্রতিদিন তাঁরা বিমানের শব্দ শুনতে পেতেন। এর থেকে তাঁদের ধারণা, তাঁদের ঢাকায় আটকে রাখা হয়েছিল।
র্যাবের করা অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিনজনকে সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
রংপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, ওই তিনজনের নামে একাধিক মামলা আছে।
কুনিও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও কাউনিয়া থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম বলেন, ‘তিনজনকে আটকের খবর শুনেছি। আমাদের কাছে তাঁদের হস্তান্তর করা হয়নি। হস্তান্তর করার পরে কুনিও হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তারের বিষয়ে বলা যাবে।’
তিন পরিবারের কথা: গতকাল বিকেলে রংপুর শহরের শালবন মিস্ত্রিপাড়ায় কাজলের বাড়ি গিয়ে জানা যায়, তাঁর বাবার নাম বাবুল চন্দ্র রায়। কাজল পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তাঁর মা আরতী রানী প্রথম আলোকে বলেন, কুনিও হত্যার দিন পূজার অংশ হিসেবে বাড়ির সবার সঙ্গে কাজলও উপোস ছিলেন। এর এক দিন পর (৫ অক্টোবর) আদালতে একটি মামলার হাজিরা দিতে গিয়ে তিনি আর বাড়ি ফেরেননি। পরে আরতী জানতে পারেন, সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তাঁকে তুলে নিয়ে গেছে। ছেলে নিখোঁজের ঘটনায় ৮ অক্টোবর আরতী কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শহরের শাহীপাড়ায় রাজীবের ভাড়াবাড়িতে গিয়ে কথা হয় তাঁর বাবা ও মায়ের সঙ্গে। বাবা মো. হানিফ বলেন, কুনিও হত্যার দিন দুপুরবেলা রাজীব বাড়িতেই ছিলেন। ওই সময় তাঁর স্ত্রী সামিয়া আক্তার বাবার বাড়ি ঠাকুরগাঁওয়ে ছিলেন। ৫ অক্টোবর তিনি রংপুরে ফিরছিলেন। রাজীব তাঁকে আনতে গিয়েছিলেন রংপুর শহরের বাসস্ট্যান্ডে। এ সময় শহরের হাজিরহাট এলাকা থেকে সাদাপোশাকে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে ধরে নিয়ে যান। ৮ অক্টোবর রংপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে রাজীবের স্ত্রী সামিয়া এ কথা বলেন।
শহরের জুম্মাপাড়ায় নওশাদের ভাড়াবাড়িতে গিয়ে জানা যায়, তাঁরা এখন সেখানে থাকেন না। তাঁদের পরিবারের সবাই রাজশাহী চলে গেছেন বলে জানান জুম্মাপাড়ার বাসিন্দারা।
নওশাদের বাবা আবদুল লতিফ গত মাসে সাংবাদিকদের বলেন, রাজশাহী শহরের শ্বশুরবাড়ি থেকে তাঁর ছেলেকে তুলে নিয়ে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আরও পড়ুন