জড়িত সন্দেহে শিবিরের এক নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারি ইউনিয়নের ওপর চাকপাড়ায় বৌদ্ধ ভিক্ষু হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গত বুধবার ছাত্রশিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার নূরুল আলম বাইশারি ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি। তাঁকে লামা উপজেলার আজিজনগর থেকে গ্রেপ্তার করা হয়। নূরুল আলম বাইশারি ইউনিয়ন শিবিরের সভাপতি হলেও তাঁর বাড়ি লামা উপজেলার ফাইতংয়ে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, গ্রেপ্তার শিবিরের নেতাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী রোববার রিমান্ডের আবেদন করা হবে। তিনি বলেন, বৌদ্ধ ভিক্ষু খুনের ঘটনায় নূরুল আলমকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। ঘটনার আগে তিনি গা ঢাকা দেওয়ায় ঘটনার পর তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নূরুল আলমের ৮-১০টি মুঠোফোনের সিম আছে। এসব সিমের মাধ্যমে লোকজনের সঙ্গে সন্দেহজনক যোগাযোগের তথ্য পাওয়া গেছে।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, নূরুল আলমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। কয়েকটি বিষয় নিয়ে তাঁকে সন্দেহ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।
গত ১৩ মে রাতে বাইশারি ওপর চাকপাড়া নতুন ভাবনা বিহারে বৌদ্ধ ভিক্ষু উ গাইন্দ্যা ওরফে ধাম্মা ওয়াসাকে (ভিক্ষু হওয়ার আগের নাম মংশৈউ চাক) কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।