জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-৯ আসনের সাবেক সাংসদ ও নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সালামের গাড়িতে হামলা চালানোর প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে উপজেলা আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। গতকাল শনিবার তারা উপজেলা শহরে এ কর্মসূচি পালন করে।
বেলা ১১টায় নান্দাইল পৌর শহরের শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ এবং দুপুরে উপজেলা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করা হয়। এসব কর্মসূচি থেকে ওই ঘটনায় হওয়া মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
দলীয় সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি নান্দাইল চৌরাস্তা এলাকায় দেশি অস্ত্রে সজ্জিত কিছু সন্ত্রাসী সাবেক সাংসদকে বহন করা গাড়িতে হামলা চালায় এবং এটি ভাঙচুর করে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও সাবেক সাংসদ অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
দলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া বলেন, প্রথমে হামলার ঘটনার প্রতিবাদ জানাতে শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ করার জন্য ইউএনও মোহাম্মাদ শাহানুর আলমের কাছে লিখিত আবেদন করা হয়েছিল। কিন্তু প্রশাসন অনুমতি না দিয়ে ২৭ জানুয়ারি তাঁদের সমাবেশস্থলসহ শহরে ১৪৪ ধারা জারি করে। এ কারণে তাঁরা সমাবেশটি স্থগিত রাখেন। ঘটনার ১৫ দিন পর গতকাল সেই একই স্থানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন তিনি (সিরাজুল)। এতে বক্তব্য দেন সহসভাপতি মো. শাহাবুদ্দীন ভূঁইয়া, আমিনুল ইসলামসহ সম্পাদকমণ্ডলীর মশফিকুর রহমান, রফিকুল ইসলাম, মোজাম্মেল হক, শফিকুল ইসলাম সরকার, নাজিমুল্লাহ প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, গাড়িতে হামলার ঘটনায় দলের সাধারণ সম্পাদক বাদী হয়ে ৫৮ জনকে আসামি করে থানায় এজাহার দিলেও পুলিশ দ্রুত বিচার আইনে তা মামলা হিসেবে নথিভুক্ত করে। কিন্তু আসামিরা শহরের বিভিন্ন মোড়ে বসে আড্ডা মারলেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না।
সমাবেশ শেষে সিরাজুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবারও শহীদ মিনার চত্বরের সমাবেশস্থলে যোগ দেয়। মিছিলের সামনে ও পেছনে নান্দাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. জসিম উদ্দিনের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায়। নির্বাহী হাকিম বলেন, এটি ছিল প্রশাসনের বাড়তি সতর্কতা।
মামলার আসামিদের গ্রেপ্তার না হওয়ার বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মো. আতাউর রহমান বলেন, ওই মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।