জড়িতদের দেশত্যাগ ঠেকাতে বিজিবিকে সতর্ক করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিরা যাতে দেশ ত্যাগ করতে না পারে, সে জন্য ব্রাহ্মণবাড়িয়ার স্থলবন্দর ও সীমান্তবর্তী এলাকায় দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি-১২ ব্যাটালিয়ন) সতর্ক থাকতে বলা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে বিজিবি-১২ ব্যাটালিয়নকে সতর্ক করে গতকাল বুধবার চিঠি দেওয়া হয়েছে।

সরাইল বিজিবি-১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ আলী গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পুলিশের পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকায় সতর্কতা বাড়াতে বলা হয়েছে। ইতিমধ্যে আখাউড়া স্থলবন্দরসহ দু-একটি জায়গা এবং কসবা সীমান্তবর্তী এলাকায় প্রহরা বাড়ানো হয়েছে। তিনি জানান, জেলা পুলিশের পক্ষ থেকে একটি নামের তালিকাও তাঁদের কাছে পাঠানো হয়েছে। তালিকায় কতজনের নাম রয়েছে জানতে চাইলে তিনি বলেন, পাঁচ থেকে সাতজনের নাম রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার স্থলবন্দর ও বিমানবন্দরে পুলিশের সতর্ক প্রহরা বাড়ানো প্রসঙ্গে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশের সদর দপ্তরে একটি চিঠি পাঠানো হয়। নাসিরনগরের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা যেন নৌ ও বিমানপথে দেশ ত্যাগ করতে না পারে, সে জন্য বাংলাদেশের সব স্থলবন্দর ও বিমানন্দরে পুলিশের বিশেষ শাখাকে সতর্ক থাকতে বলা হয় ওই চিঠিতে। হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের নামের একটি তালিকাও এসব জায়গায় পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন প্রথম আলোকে বলেন, আখাউড়া স্থলবন্দরের অভিবাসনসহ ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে। একইভাবে বিমানবন্দরে পুলিশের বিশেষ শাখার কর্মকর্তাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।

সম্প্রীতি সমাবেশ: নাসিরনগরের গোকর্ণ ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে গতকাল বিকেলে ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় লোকজনের মধ্যে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার জন্য সুধী সমাবেশের আয়োজন করা হয়। গোকর্ণ ইউপি চেয়ারম্যান হাছান খানের সভাপতিত্বে ও স্থানীয় মাহবুবুর রহমানের পরিচালনায় সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান। এতে তিনি জনপ্রতিনিধিসহ সবাইকে সতর্ক থাকতে বলে নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করার আহ্বান জানান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, সহকারী পুলিশ সুপার (‍সদর সার্কেল) আবদুল করিম, নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম নুর প্রমুখ।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননার একটি বিষয়কে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনার কয়েক দিন পর আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারার মধ্যেই হিন্দুদের পরিত্যক্ত গোয়াল, রান্নাঘরসহ একটি পারিবারিক মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় এ পর্যন্ত সাতটি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৯১ জনকে।