ধর্ষণের পর শিশুহত্যার প্রতিবাদ ও আসামিদের ফাঁসির দাবিতে গতকাল বৃহস্পতিবার গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উল্লাবাজার-গজারিয়া সড়কে মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন। এর আগে একটি বিক্ষোভ মিছিল গজারিয়া বাজার এলাকা প্রদক্ষিণ করে। ফুলছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এ কর্মসূচির আয়োজন করে।
ওই শিশুর নাম সিনথি আকতার (৭)। সে উপজেলার গজারিয়া ইউনিয়নের বাউশি গ্রামের রাজমিস্ত্রি সেলিম মিয়ার মেয়ে। সে উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
মানববন্ধনে বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, গজারিয়া ইউপি চেয়ারম্যান শামছুল আলম, ইউপি সদস্য ওহিদুল ইসলাম,গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, গজারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জিহাদুল রহমান, উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ পাঠান, সিনথির বাবা সেলিম প্রমুখ। এ সময় শিশু সিনথির মা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিশু সিনথিকেধর্ষণের পর হত্যার ঘটনার আট দিন পেরিয়ে যাচ্ছে। কিন্তু এখনো একজন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মানববন্ধনে সেলিম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মেয়ে নিষ্পাপ। ওকে কেন হত্যা করা হলো। আমি ওদের কঠিন বিচার দেখতে চাই।’
গত ৩১ আগস্ট সকালে সিনথি পারাটা কেনার জন্য বাড়ির পাশের হোটেলে যায়। এরপর থেকে সিনথিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন বিকেলে গ্রেপ্তার হওয়া আহসান হাবিবের বাড়ির পাশের পুকুরে মাছ ধরার সময় কচুরিপানার নিচ থেকে সিনথির লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন। এ ঘটনায় একই গ্রামের আহসান হাবিব (২২) ও মাজেদুল ইসলামকে (২৮) আটক করে পুলিশে দেয় জনতা। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ২ সেপ্টেম্বর গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন জানায় পুলিশ। আদালত রিমান্ড শুনানির জন্য ১১ সেপ্টেম্বর দিন ধার্য করেন। এদিকে এ ঘটনায় সেলিম বাদী হয়ে ১ সেপ্টেম্বর আহসান, মাজেদুলসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার অভিযোগে থানায় মামলা করেন।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান বলেন, অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।