নেত্রকোনা সদর উপজেলায় ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যার ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় তাঁরা এ ঘটনায় জড়িত তরুণদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মেয়েটির মা অভিযোগ করেন, গত রোববার সন্ধ্যার দিকে ঠাকুরাকোনা গ্রামের তিন তরুণ তাঁর মেয়েকে (১৪) মাছের খামারে একটি ঘরে ডেকে নিয়ে যান। রাত আটটার দিকে তিনি কৌশলে সেখানে গিয়ে তাঁর মেয়েকে উদ্ধার করেন। তখন তাঁর মেয়েকে বিধ্বস্ত দেখাচ্ছিল। সে (তাঁর মেয়ে) ঘরে এসে বলে ওই তিন তরুণ তাঁকে ধর্ষণ করেছেন। কিছুক্ষণ পর তরুণদের মধ্যে একজন তাঁদের ঘরে এসে ঘটনাটি কাউকে জানালে তাঁদের মেরে ফেলা হবে বলে হুমকি দেন। কিন্তু স্থানীয় লোকজন বিষয়টি জেনে ফেলেন। গত সোমবার বেলা ১১টার পর পাশের ঘরের আড়ার সঙ্গে মেয়ের ঝুলন্ত লাশ দেখে তাঁদের জানান স্থানীয় লোকজন। ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ায় লোকলজ্জায় মেয়েটি আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছেন তাঁরা। এ নিয়ে গত বৃহস্পতিবার প্রথম আলোতে ‘নেত্রকোনায় ধর্ষণের পরদিন কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনার প্রতিবাদে গতকাল বেলা আড়াইটার দিকে ঠাকুরাকোনা বাজারে ‘সচেতন নাগরিক সমাজের ব্যানারে’ মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।। এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ঠাকুরাকোনা রহিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান, বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পল্টন সরকার, ঠাকুরাকোনা ইউনিয়নের যুবলীগ নেতা রাকিব হাসান প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক ঘুরে ঠাকুরাকোনা কংস নদের ওপরে সেতুর কাছে গিয়ে শেষ হয়।
মেয়েটির বাবা বলেন, গত বুধবার তিনি থানায় অভিযোগ দিতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ অভিযোগ না নিয়ে বলেছে, আগের অপমৃত্যুর মামলাটিই চলবে। এখন চলে যান।
এ বিষয়ে গত বুধবার নেত্রকোনা মডেল থানার ওসি আমীর তৈমুর ইলী বলেছিলেন, ‘মেয়েটি গলায় দড়ি দিয়ে মারা গেছে। কোনো রেপ টেপ হয়নি। প্রেমসংক্রান্ত বিষয় নিয়ে অভিমানে মরেছে।’
এ বিষয়ে ঠাকুরাকোনা ইউপির চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, ‘ওই ছেলেগুলো এলাকায় বখাটে হিসেবে পরিচিত। যদি ঘটনা সত্য হয়ে থাকে, তবে আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।’