জয়কে নিয়ে ভুয়া খবর, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে ভুল খবর প্রকাশকে কেন্দ্র করে অনলাইন সংবাদমাধ্যম বাংলামেইল ২৪ ডটকমের তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত রোববার রাতে র‍্যাব-৩-এর একটি দল তাঁদের আটক করে। তাঁরা হলেন সংবাদমাধ্যমটির ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাহাদাত উল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও নিজস্ব প্রতিবেদক প্রান্ত পলাশ।

র‍্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম সরওয়ার এ তথ্য নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আটক তিনজনসহ প্রতিষ্ঠানটির মালিক ফজলুল আজিমকে আসামি করে পল্টন থানায় তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনে মামলা করা হয়েছে। পাশাপাশি বাংলামেইলের কার্যালয়টি তালাবদ্ধ করে রাখা হয়েছে।

মেইল মিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠান বাংলামেইলের কার্যালয় রাজধানীর কাকরাইলের স্কাউট ভবনের চতুর্থ তলায়। প্রতিষ্ঠানটির একাধিক সংবাদকর্মী বলেন, রোববার দিবাগত রাত সোয়া একটার দিকে সাহাদাত উল্যা খান ও প্রান্ত পলাশকে আটক করে নিয়ে যায় র‍্যাব। এ ছাড়া ভারপ্রাপ্ত সম্পাদককে তাঁর উত্তরার বাসা থেকে ডেকে এনে আটক করা হয়। আটকের আগে র‍্যাবের সদস্যরা বাংলামেইল কার্যালয়ে তল্লাশি করেন এবং একটি কম্পিউটার জব্দ করে নিয়ে যান। মেইল মিডিয়ার মালিক ফজলুল আজিম নোয়াখালী-৬ আসনের সাবেক সাংসদ।

অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল: বাংলামেইলের সম্পাদকসহ প্রতিষ্ঠানটির নয়জন সংবাদকর্মীর অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। গতকাল তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য অধিদপ্তর এক আদেশে গণমাধ্যমটির সব স্থায়ী ও অস্থায়ী কার্ড বাতিল করেছে।

এ ছাড়া গতকাল সন্ধ্যার পর থেকে বাংলামেইলের ওয়েবসাইটটিও বন্ধ রয়েছে।