জয়দেবপুর থেকে অপহৃত শিশু শেরপুরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের জয়দেবপুর থেকে অপহৃত শিশু স্বর্ণা আক্তারকে (৫) শেরপুর থেকে উদ্ধার করেছেন র‍্যাব সদস্যরা। গতকাল বুধবার সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার বাজিতখিলা বাজার থেকে র‍্যাব-১৪ এর (শেরপুর-জামালপুর) একটি দল তাকে উদ্ধার করে।

শিশুটিকে আজ বৃহস্পতিবার সকালে জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শেরপুর সদর থানার একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

র‍্যাব সূত্র জানিয়েছে, স্বর্ণার বাবার অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ এর সদস্যরা গতকাল সন্ধ্যায় জেলা সদরের বাজিতখিলা বাজারে অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার করে তাঁরা শিশুটিকে সদর থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় অবশ্য কাউকে আটক করা যায়নি।

স্বর্ণা গাজীপুরের জয়দেবপুর থানার শিরিরচালা গ্রামের মো. হাফিজুর রহমানের মেয়ে। গত শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে শিরিরচালা থেকে দুই যুবক স্বর্ণাকে অপহরণ করে। এ ঘটনায় র‍্যাবের গাজীপুর ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেন হাফিজুর। নারী ও শিশু নির্যাতন দমন আইনে জয়দেবপুর থানায় একটি মামলাও করেন তিনি।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় সদর থানায় জিডি করা হয়েছে। আজ স্বর্ণাকে জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার তাজুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতের গ্রেপ্তারের চেষ্টা চলছে।