জয়পুরহাটে আট মাসে ২০ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এ জেলায় আট মাসে ২০ জন খুন হয়েছেন। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে এলাকাবাসী।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২১ ডিসেম্বর শহরের ধানমন্ডি এলাকায় একটি বহুজাতিক কোম্পানির আঞ্চলিক কার্যালয়ের নৈশপ্রহরী আবুল কালাম আজাদকে (৫৫) হত্যা করে ৬৬ লাখ টাকা লুট করে ডাকাতেরা। ২৫ ডিসেম্বর শহরের আরাফাত নগর এলাকায় হাসিবুল হাসান তালুকদার (২৪) নামের এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ২৬ ডিসেম্বর শহরের বাগিচাপাড়া এলাকায় রাবেয়া বেওয়া (৫৫) নামের এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, রাবেয়াকে খুন করা হয়েছে। ৩০ ডিসেম্বর পাঁচবিবির ধাওয়াপাড়ার বড়াইল মাঠ থেকে তিন যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ৩১ ডিসেম্বর পাঁচবিবির পুরানা গুপীনাথপুর এলাকায় ডাকাত আরমান আলীর (৩৭) বাহিনী পুলিশের ওপর রামদা, চাপাতি ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় পুলিশের গুলিতে আরমান নিহত হন।
গত ১৮ জানুয়ারি আক্কেলপুরের সোনামুখী গ্রাম থেকে এক বৃদ্ধের (৫২) লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের সময় তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ২৭ জানুয়ারি সদরের পলিকাদোয়া গ্রামের ব্যবসায়ী হাসান আলীকে (২৭) গলা কেটে হত্যা করে তাঁর মোটরসাইকেল নিয়ে যায় দুর্বৃত্তরা। ২১ ফেব্রুয়ারি রীমা (১৭) নামের এক তরুণীকে তাঁর বোনজামাই শ্বাসরোধ করে হত্যা করেন। পরে তাঁর লাশ উদ্ধার করে আক্কেলপুর থানা-পুলিশ। একই দিন পাঁচবিবিতে আনিছুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যা করে দুর্বৃত্তরা। ৩ এপ্রিল শহরের বুড়াবুড়ি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন আবদুল কাদের মণ্ডলপাড়ার উজ্জ্বল (২৭) নামের এক যুবক। ৫ এপ্রিল শহরের রেলস্টেশন এলাকায় সন্ত্রাসী পলসনকে (২৪) গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। ১৮ এপ্রিল পাঁচবিবিতে বাবার লাঠির আঘাতে রবিউল ইসলাম (২৮) নিহত হন। ৯ মে গৃহবধূ সুবর্ণার (২৪) লাশ শহরের আদর্শপাড়া থেকে উদ্ধার করে পুলিশ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে সুবর্ণার শাশুড়ি জানান, সুবর্ণাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ১৩ মে সদর উপজেলা মহুরুল গ্রামে সোহেল রানাকে (২১) স্ত্রী ও শাশুড়ি শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ ওঠে।
গত ৫ জুলাই সদর উপজেলার পাইকরতলী গ্রামের সবুজ হোসেন (৩০) নামের এক যুবককে খুন করে দুর্বৃত্তরা। ১৩ জুলাই কাশিয়াবাড়ি এলাকায় ব্যবসায়ী মামুন রশিদকে (২৮) হত্যা করে ২১ লাখ টাকা লুট করে দুর্বৃত্তরা। ৩১ জুলাই সদর উপজেলার কোমর গ্রামে গণপিটুনিতে আরিফ উদ্দীন (৩২) নিহত হন। একই দিন ক্ষেতলালের গোদাহাট শহর এলাকায় আবদুল আলিম (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। আলিমের পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে খুন করেছেন।
এদিকে গত ৩ জানুয়ারি সদর উপজেলার দুর্গাদহ বাজার এলাকায় এক কিশোরের কবজি কেটে নেয় সন্ত্রাসীরা। ৯ ও ১০ জানুয়ারি পাঁচবিবিতে ব্র্যাক কার্যালয়সহ তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ১২ জানুয়ারি পাঁচবিবির শরৎ ও মোমিনুল নামের দুই ছাত্রলীগ কর্মীর পায়ের রগ কেটে দেয় ছাত্রশিবির। ২৬ জানুয়ারি দুর্বৃত্তদের গুলিতে এক তরুণ আহত হয়। ১৪ ফেব্রুয়ারি এক কলেজছাত্রীর শরীরে আগুন দিয়ে হত্যার চেষ্টা করা হয়। ১৯ ফেব্রুয়ারি দুর্গাদহ এলাকায় এক যুবকের হাতের কবজি কেটে নেয় সন্ত্রাসীরা। ২৩ জুন আক্কেলপুরে জামালগঞ্জ বাজারে ব্যবসায়ী রানা হোসেনকে গুলি করে দুর্বৃত্তরা।
উদীচী শিল্পীগোষ্ঠীর জয়পুরহাট ইউনিটের সাধারণ সম্পাদক রমজানুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হয়ে দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে মানুষের শঙ্কা দূর করতে হবে।
পুলিশ সুপার মো. হামিদুল আলম বলেন, জেলায় বড় ধরনের কোনো সন্ত্রাসী ঘটনা ঘটেনি। যেসব ঘটনা ঘটেছে, ওই সব মামলার অধিকাংশ আসামিকে দ্রুত গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।