জয়পুরহাটে হাসান আলী নামের এক ব্যক্তির শরীরে গত বৃহস্পতিবার রাতে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
গুরুতর দগ্ধ হাসান বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও হাসানের পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, নওগাঁর বদলগাছি উপজেলার দেব্রাইল গ্রামের হাসান আলী (৪০) প্রায় ১০ বছর আগে বিয়ে করেন জয়পুরহাট সদর উপজেলার ভাদসা হাজিপাড়া গ্রামের সুখী বেগমকে। কিছুদিন আগে সুখী বেগম স্বেচ্ছায় হাসানকে তালাক দিয়ে একই গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক উজ্জ্বল হোসেনকে বিয়ে করেন। এর মধ্যে হাসান বেসরকারি একটি সংস্থা থেকে ৪০ হাজার টাকা ঋণ তুলে উজ্জ্বলকে ধার দেন।
টাকা শোধ এবং সুখী বেগম আবার ঘরসংসার করবেন—এমন প্রলোভন দেখিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় উজ্জ্বল স্থানীয় ভাদসা বাজারে হাসানকে ডেকে পাঠান। পরে বাজারের একটি দোতলা বাড়ির ছাদে নিয়ে হাসানকে মারধর করেন। একপর্যায়ে দাহ্য পদার্থ শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন।
স্থানীয় লোকজন হাসানকে উদ্ধার করে রাত সাড়ে আটটার দিকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আতাউর রহমান প্রথম আলোকে জানান, হাসানের মাথা থেকে হাঁটু পর্যন্ত প্রায় ৮০ ভাগ পুড়ে গেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসান চিকিৎসক ও নার্সদের বলেছিলেন, তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়।
হাসানের মা হালিমা খাতুন বলেন, তাঁর ছেলে হাসানকে উজ্জ্বল ও সুখী বেগম ডেকে নেন। পরে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় মামলা করবেন।
নাম প্রকাশ না করার শর্তে ভাদসা বাজারের একজন প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ করেই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক লোক গায়ে আগুন ধরা অবস্থায় চিৎকার করছিলেন। লোকজন এগিয়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে হাসপাতালে নিয়ে যান।
উজ্জ্বল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, বিষয়টি জানার পর তিনি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় কোনো মামলা হয়নি।