জয়পুরহাটে এক ব্যক্তির হাঁসুয়ার কোপে স্ত্রীসহ আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোনকে মারধরের খবর পেয়ে প্রতিবাদ জানাতে বোনের বাড়ি গিয়ে ভগ্নিপতি আমজাদ হোসেনের হাঁসুয়ার কোপে গুরুতর আহত হয়েছেন শ্যালক রানা হোসেন (৩০)। সেই সঙ্গে আহত হয়েছেন আমজাদের স্ত্রী ও রানার বোন স্বপ্না বেগম (৩৫) এবং স্বপ্না বেগমের আরেক ভাইয়ের ছেলে নান্টু হোসেন (২৪)। জয়পুরহাট সদর থানার পুলিশ আমজাদ হোসেনকে আটক করেছে।
জয়পুরহাট থানার পুলিশ ও আহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, জয়পুরহাট পৌরসভার খনজনপুর মহল্লার অবসরপ্রাপ্ত সাবেক সেনাসদস্য আমজাদ হোসেন দীর্ঘদিন ধরেই স্ত্রী স্বপ্না বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। একই এলাকার বাসিন্দা স্বপ্নার ছোট ভাই রানা ও ভাগনে নান্টু মিলে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে আমজাদের বাড়িতে গিয়ে নির্যাতনের প্রতিবাদ করেন। এ সময় আমজাদ হাতে থাকা হাঁসুয়া দিয়ে স্বপ্না, তাঁর ভাই ও ভাগনেকে কুপিয়ে মারাত্মক জখম করেন। তাঁদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁদের মধ্যে নান্টু ও স্বপ্নার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্বপ্নার বড় বোন হেলেনা বেগম ও আহত রানা হোসেনের স্ত্রী হাফসা বেগম হাসপাতাল চত্বরে অভিযোগ করেন, আমজাদ নেশা করে প্রায়ই তাঁর স্ত্রী স্বপ্নাকে মারপিট করতেন। ঘটনার দিনও নির্যাতনের খবর পেয়েই রানা ও নান্টু আমজাদের বাড়িতে গেলে তাঁদের কুপিয়ে আহত করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, এ ঘটনার খবরে খনজনপুর থেকে আমজাদ হোসেনকে আটক করা হয়।