জয়পুরহাটে কিশোর রাজশাহীতে এক ব্যক্তি খুন
জয়পুরহাটের মোলামগাড়ি-দুপচাঁচিয়া সড়কের কালাই উপজেলার হাজিপাড়া মাঠে নুর মোহাম্মদ ভোলা নামের এক কিশোর ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো একসময় এ ঘটনা ঘটেছে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গতকাল শুক্রবার রাজশাহীর পুঠিয়ায় নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত নুর মোহাম্মদ উপজেলার বেগুনগ্রামের মোজাহার আলীর ছেলে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মোজাহার আলী কালাই থানায় মামলা করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, বেগুনগ্রাম মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র নুর মোহাম্মদ বৃহস্পতিবার সন্ধ্যায় দুই যাত্রী নিয়ে চাচাতো ভাইয়ের ব্যাটারিচালিত রিকশাভ্যানে করে ময়েশপুর যায়। গতকাল সকালে হাজিপাড়া মাঠে স্থানীয় লোকজন তার গলাকাটা লাশ দেখতে পান। খবর পেয়ে কালাই থানার পুলিশ গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
মোজাহার আলী বলেন, নুর মোহাম্মদ লেখাপড়ার পাশাপাশি মাঝেমধ্যে রিকশাভ্যান চালাত। বৃহস্পতিবার সন্ধ্যায় চাচাতো ভাইয়ের ভ্যানে দুজন যাত্রী নিয়ে ময়েশপুর যায়। রাতে না ফিরলে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। এরপর শুক্রবার সকালে মাঠে তার গলাকাটা লাশ পাওয়া যায়।
কালাই থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নুর মোহাম্মদের লাশ হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।
পুঠিয়ায় নিহত নজরুল ইসলামের (৬৫) বাড়ি উপজেলার গোন্ডগোয়ালি গ্রামে। গতকাল সকালে এ হত্যাকাণ্ডের পর পালানোর সময় আসাম আলী (৩৮) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে স্থানীয় লোকজন পুলিশে সোপর্দ করেন।
রাজশাহীর পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, নজরুল ইসলাম সকাল সাড়ে আটটার দিকে নিমতলা বাজারে চা পান করে বাড়ি ফিরছিলেন। এ সময় পথের মধ্যে প্রতিপক্ষের লোকজন তাঁকে হাতুড়িপেটা করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।