জয়পুরহাটে চিকিৎসার জন্য আসা তিন মাসের শিশু চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট শহরের পদ্মা ল্যাব ও পরামর্শ কেন্দ্র থেকে গতকাল রোববার তিন মাস বয়সের এক শিশুকন্যা চুরি হয়েছে। শিশুটিকে ওই ল্যাব ও পরামর্শ কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন বাবা-মা। পুলিশ শিশুটিকে উদ্ধারের জোর চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে।

জয়পুরহাট থানা-পুলিশ এবং চুরি যাওয়া শিশুটির বাবা বজলুর রশিদ ও মা জয়নাব বেগম জানিয়েছেন, গতকাল সকাল ১০টার দিকে তাঁরা গ্রামের বাড়ি নওগাঁর ধামুইরহাট উপজেলার ভাতকুন্ডু থেকে চিকিৎসার জন্য তিন মাস বয়সী মেয়ে তামান্না বেগমকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক দেখাতে হাসপাতালের বহির্বিভাগের টিকিটও কাটেন। চিকিৎসকের জন্য অপেক্ষায় থাকার সময় মাঝ বয়সের এক নারী তাঁদের বলেন, হাসপাতালে ভালো চিকিৎসক নেই। তাঁর ভাই চিকিৎসক। কোনো টাকাপয়সা লাগবে না। এসব বলে তাঁদের ফুসলিয়ে জয়পুরহাট শহরের আমতলি এলাকায় পদ্মা ল্যাব ও পরামর্শ সেন্টারে দুপুর সোয়া ১২টার দিকে নিয়ে আসেন। সেখানে বসিয়ে রেখে চিকিৎসক দেখানোর কথা বলে শিশুটিকে মা জয়নাব বেগমের কোল থেকে নিয়ে ওই নারী আরেক দিকে যান। শিশুটিকে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণও ফিরে না আসায় স্বামী-স্ত্রী ওই নারীকে খুঁজতে থাকেন। ল্যাব কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে থানা-পুলিশকে খবর দেয়।

শিশুটির বাবা-মা বলেন, তাঁদের তিন মাস বয়সী মেয়ে তামান্নার গলা ও জিহ্বায় সমস্যা। এ জন্য জয়পুরহাট হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন।

গতকাল পদ্মা ল্যাবে গিয়ে সেখানকার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দুপুর ১২টা ১৭ মিনিটে শিশুটির মা-বাবা সঙ্গে নিয়ে পদ্মা ল্যাবে প্রবেশ করেন ওই নারী। এদিক-সেদিক ঘোরাঘুরির পর ১২টা ৪৭ মিনিটে শিশুটিকে কোলে করে সিঁড়ি দিয়ে দোতলা থেকে দ্রুত নেমে যান। তারপর মুঠোফোনে কথা বলতে বলতে প্রধান রাস্তায় দাঁড়িয়ে থাকা রিকশায় উঠে শিশুটি কোলে নিয়ে পূর্ব দিকে চলে যান ওই নারী।

সদর থানার এসআই মোখলেছুর রহমান বলেন, শিশুটিকে চুরি করা নারীকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় শিশুটির বাবা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।