জয়পুরহাটে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া চারজনকে 'গ্রেপ্তার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার একাধিক মামলার চার আসামি আদালত থেকে জামিন পান গত মঙ্গলবার। মঙ্গলবার রাতে জয়পুরহাট জেলা কারাগার থেকে বের হওয়ার সময় কারা ফটকের সামনে থেকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে চারজনকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছিলেন তাঁদের স্বজনেরা। পরে ওই চারজনকে গানপাউডার, পেট্রোল বোমাসহ গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন সদর উপজেলার আমদই ইউনিয়নের হাঁটুভাঙ্গা গ্রামের শাহ আলম (৪০), মিটনা গ্রামের নাহিদুল ইসলাম (২৮), দণ্ডপানি গ্রামের রবিউল ইসলাম (২৬) ও একই গ্রামের মাসুদ হোসেন (২৫)। তাঁদের গতকাল শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে সদর উপজেলার কড়ই কৃষি কলেজের একটি অব্যহৃত কক্ষে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে আটটি পেট্রোল বোমা, ৩ কেজি গানপাউডার, একটি ছুরি, দুটি টর্চলাইট, চারটি মোমবাতি জব্দ করা হয়। পুলিশের দাবি তাঁরা নাশকতার উদ্দেশ্যে ওই স্থানে একত্র হয়েছিলেন। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) রায়হান হোসেন মামলা করেছেন।
মুঠোফোনে গতকাল শুক্রবার দুপুরে গ্রেপ্তার হওয়া শাহ আলমের স্ত্রী জীবন নাহার বলেন, তিনি গতকাল সকালের দিকে লোক মারফত জানতে পারেন তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দুপুরে তাঁর সঙ্গে জেলগেটে দেখা করেন। গত মঙ্গলবার জামিন পেয়ে তাঁরা তো বাড়িতে আসতে পারলেন না। ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁদের নিয়ে গেল। এর মধ্যে আবার গ্রেপ্তার হলেন।
নাহিদুলের ছোট বোন নাহিদা বেগম বলেন, জেলগেটে ভাইয়ের সঙ্গে কথা বলেছেন। ভাই বলেছেন, আরো একটি মামলা দিয়েছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন দাবি করেন, এ ঘটনায় মামলা করে গতকাল তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। শাহ আলম সদর উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি, নাহিদুল ইসলাম সদর উপজেলার আমদই ইউনিয়নের ছাত্রশিবিরের সভাপতি। অপর দুজন জামায়াতের কর্মী।