জয়পুরহাটে তুচ্ছ ঘটনায় স্কুলছাত্র খুন, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট পৌরসভার সার্কিট হাউস এলাকায় এক স্কুলছাত্র ছুরিকাঘাতে খুন হয়েছে। নিহত ওই ছাত্রের নাম রবিউল ইসলাম। সে জয়পুরহাট পুলিশ লাইনস স্কুল ও একাডেমির দশম শ্রেণির ছাত্র। এ ঘটনায় সদর থানা-পুলিশ পৌর এলাকার এক কিশোরকে (১৬) গ্রেপ্তার করেছে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল আটটার দিকে শহরের সার্কিট হাউসের পশ্চিম পাশে রবিউল ও ওই কিশোরের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। রবিউলকে ওই কিশোর বন্ধু সম্বোধন করা নিয়ে বাগ্‌বিতণ্ডার সূত্রপাত। রবিউল বয়সে বড় বলে তাঁকে বড় ভাই বলতে বলে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই কিশোর রবিউলের পিঠে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত রবিউলকে প্রথমে জয়পুরহাট  হাসপাতাল এবং পরে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার রাতে বগুড়া থেকে ঢাকায় নেওয়ার পথে রবিউল মারা যায়।

এ ঘটনায় রবিউলের বাবা বেলাল মির্জা গত শনিবার রাতে ওই কিশোরকে আসামি করে সদর থানায় মামলা করেন। থানার ওসি ফরিদ হোসেন বলেন, এজাহারভুক্ত একমাত্র আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।