জয়পুরহাটে পুলিশের গুলিতে 'ডাকাত' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ধামসার এলাকায় পুলিশের গুলিতে হজরত আলী (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত ব্যক্তি ডাকাত। তাঁর বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ভাষ্য অনুযায়ী, বুধবার রাতে উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহেল বাকী ও ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলামসহ ছয় পুলিশ সদস্য আলামপুর ইউনিয়নে টহলে বের হন। রাত ১১টার দিকে টহল শেষে থানায় ফেরার পথে মোলামগাড়ী-দুপচাঁচিয়া সড়কের ওই স্থানে রাস্তার গাছ কেটে ডাকাতেরা ব্যারিকেড দেয়। পুলিশের গাড়ি সেখানে পৌঁছা মাত্র ৮-১০ জনের ডাকাত দল পুলিশের ওপর হামলা করতে আসে। এ সময় পুলিশ বাধ্য হয়ে কয়েকটি গুলি করলে ডাকাতেরা পালিয়ে যায়। পরে রাস্তার পাশে ধানখেত থেকে গুলিবিদ্ধ অবস্থায় হজরত আলীকে উদ্ধার করে থানায় আনা হয়। পুলিশ জানায়, গুলিতে ওই ডাকাত ঘটনাস্থলেই মারা যায়।
ওসি মুনিরুল জানান, হজরত আলীর কাছে পাওয়া মুঠোফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। গতকাল বিকেলে ময়নাতদন্ত শেষ করে মরদেহটি জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবার থেকে কেউ লাশ নিতে আসেনি। তাই আঞ্জুমান মুফিদুলের মাধ্যমে হজরত আলীর মরদেহ গতকাল রাতে জয়পুরহাট পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।