জয়পুরহাটে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিমুলতলী এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সানোয়ার হোসেন (৫০) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, সানোয়ার জয়পুরহাট আন্তজেলা ডাকাত দলের সর্দার। তাঁর বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।

সানোয়ারকে গুলিতে আহত অবস্থায় প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঁচবিবি থানার পুলিশ বলছে, জয়পুরহাট-হিলি-হাকিমপুর সড়কে একদল ডাকাত গাছের গুঁড়ি ফেলে নৈশকোচে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে পাঁচবিবি থানার পুলিশের একটি দল সেখানে পৌঁছায়। এ সময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন সানোয়ার হোসেন। তাঁর সহযোগীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে আহত সানোয়ারের পরিবারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, সানোয়ারের ডান হাঁটুতে গুলি লেগেছে।

আজ বৃহস্পতিবার জয়পুরহাট সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল জানান, সানোয়ারের বিরুদ্ধে পাঁচবিবি থানায় অস্ত্র, ডাকাতি, ছিনতাই, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি জয়পুরহাট আন্তজেলা ডাকাত দলের সর্দার। পুলিশ ঘটনাস্থল থেকে হাঁসুয়া, রামদা, পশু কুড়াল ও রড উদ্ধার করেছে।