জয়পুরহাটে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলা বিএনপির নতুন কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে গতকাল বৃহস্পতিবার একাংশের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কার্যালয়ে থাকা চেয়ার-টেবিল, আসবাবসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আগে জেলা বিএনপির সম্মেলন হয়। ২ মার্চ কেন্দ্রীয় বিএনপির সহসম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে জেলা কমিটির আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়। নতুন এই কমিটিতে মোজাহার আলী প্রধানকে সভাপতি ও নাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নতুন কমিটি নিয়ে একাংশের নেতা-কর্মীরা ক্ষুব্ধ। তাঁরা এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে আসছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে নতুন কমিটির সহসভাপতি ও জয়পুরহাট-২ আসনের সাবেক সাংসদ গোলাম মোস্তফার সমর্থক ১৪-১৫ জন নেতা-কর্মী শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে রেলঘুমটি-সংলগ্ন বিএনপির জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে জেলা বিএনপির নতুন কমিটির সভাপতি মোজাহার আলী প্রধান ও সাধারণ সম্পাদক নাফিজুর রহমানের কুশপুতুল পোড়ানো হয়। এরপর কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে অগ্নিসংযোগ করা হয়। আগুন দিয়েই নেতা-কর্মীরা পালিয়ে যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল ও কাগজপত্র পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী জয়পুরহাট শহরের রামদেও বাজলা সরকারি বিদ্যালয়ের সড়কের উত্তর পাশের বাসিন্দা ময়মুল হক প্রথম আলোকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ১৪-১৫ জনের একটি দল মিছিল নিয়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আসে। সেখানে দুটি কুশপুতুল পোড়ানো হয়। পরে কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে অগ্নিসংযোগ করা হয়। এরপর দলটি দৌড়ে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশও আসে। বিএনপির অন্য অংশের নেতা-কর্মীরা ছুটে আসেন।
জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা দলীয় কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের বলেন, জয়পুরহাট-২ আসনের (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) সাবেক সাংসদ গোলাম মোস্তফার প্রত্যক্ষ মদদে জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হেসেনসহ কয়েকজন নেতা-কর্মী এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন। আগুনে দলীয় কার্যালয়ে থাকা চেয়ার-টেবিলসহ আসবাব ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। এ ঘটনায় দ্রুত সভা করে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে।
জেলা বিএনপির সভাপতি ও জয়পুরহাট-১ আসনের সাবেক সাংসদ মোজাহার আলী প্রধান বলেন, নতুন ও সদ্য বিলুপ্ত কমিটির সহসভাপতি গোলাম মোস্তফার মদদে কয়েকজন এ ঘটনায় জড়িত।
তবে অভিযোগ অস্বীকার করে গোলাম মোস্তফা বলেন, তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় আছেন। এ ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। তবে জেলা বিএনপির ত্যাগী নেতা-কর্মীরা সংস্কারপন্থী নতুন সাধারণ সম্পাদক নাফিজুর রহমানকে মেনে নিতে পারছেন না। এ কারণে ক্ষুব্ধ নেতা-কর্মীরা কয়েক দিন ধরে বিক্ষোভ মিছিল করে আসছিলেন। আর এই সুযোগ কাজে লাগিয়ে নাফিজুরের অনুসারীরা দলীয় কার্যালয়ে আগুন দেন।
জেলা বিএনপির নতুন কমিটির সাধারণ সম্পাদক নাফিজুর রহমান বলেন, তিনি সংস্কারপন্থী নেতা নন। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে কেন্দ্রীয় কমিটিতে তাঁরা জানাতে পারেন। কিন্তু দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়া কখনো জেলা বিএনপির নেতা-কর্মীরা বরদাশত করবেন না।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। করলে আইনগত ব্যবস্থা নেবেন।