জয়পুরহাটে বিচারক ও ৪০ আইনজীবীকে হত্যার হুমকি
জয়পুরহাটের জেলা ও দায়রা জজ মো. আব্দুর রহিমসহ ৪০ জন আইনজীবীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কাফনের কাপড়সহ পাঠানো এক চিঠিতে এ হুমকি দেওয়া হয়। তবে আইনজীবীদের নাম চিঠিতে উল্লেখ করা হয়নি।
চিঠিতে এ জেলার বিচারকদের হত্যা ছাড়াও আদালত ভবন, আইনজীবী সমিতি ভবন, সোনালী ব্যাংক ভবনসহ ১৮টি গুরুত্বপূর্ণ স্থাপনা বোমায় উড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়।
থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) ও আদালতের একটি সূত্রে জানা গেছে, বুধবার ডাকযোগে বিচারক আব্দুর রহিমের নামে ওই চিঠি আসে। চিঠির ভেতরে কাফনের সাদা এক টুকরা কাপড়ও ছিল। চিঠিটি হাতে লেখা। এতে বলা হয়, কল্যাণপুরে তাঁদের নয়জন সদস্য নিহত হয়েছেন। এ জন্য কাউকে ছাড়া হবে না। তিন হালি পুলিশ দিয়ে লাভ হবে না। নতুন করে সংসদ নির্বাচন দিতে হবে। তা না দিলে দেশে জঙ্গি হামলা চলতেই থাকবে।
এ ঘটনায় বিচারক আব্দুর রহিম গতকাল বৃহস্পতিবার জজ আদালত, মুখ্য বিচারিক হাকিম, অন্যান্য বিচারক ও আদালত ভবনের নিরাপত্তা চেয়ে জয়পুরহাট সদর থানায় জিডি করেছেন। হত্যার হুমকি দিয়ে গত ১৪ জুলাইও এই বিচারককে চিঠি পাঠানো হয়। জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।