জয়পুরহাটে বিজয়ী চেয়ারম্যান ও হবিগঞ্জে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ৪ জুন শেষ হলেও নির্বাচনকেন্দ্রিক সহিংসতা-হাঙ্গামা এখনো থামেনি। নির্বাচনোত্তর সহিংসতায় আরও তিনজন প্রাণ হারিয়েছেন। এঁদের মধ্যে গত শনিবার হবিগঞ্জের মাধবপুরে জয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও হামলায় দুজন নিহত হন। ৪ জুন দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত জয়পুরহাটের ভাদসা ইউপিতে চেয়ারম্যান পদে বিজয়ী আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী গতকাল রোববার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত ফেব্রুয়ারি মাসে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত নির্বাচনী সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে এ নিয়ে প্রাণ হারালেন ১১৬ জন।

হবিগঞ্জ: মাধবপুর উপজেলার খড়কী গ্রামে শনিবার নির্বাচনোত্তর সহিংসতায় দুজন খুন হয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা দুই পক্ষের এক পক্ষ অপর পক্ষকে ফাঁসাতে এ হত্যাকাণ্ড ঘটায়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, নির্বাচনী সহিংসতা থেকে এ হত্যাকাণ্ড ঘটলেও তা রহস্যজনক বলে মনে করছেন তাঁরা।

পুলিশ ও এলাকাবাসী সূত্র বলেছে, উপজেলার জগদীশপুর ইউনিয়নে গত ২৮ মে অনুষ্ঠিত নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদে জয়ী হন মোনায়েম খাঁ। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন আবদুল হাই। এ দুজনকে সমর্থন করা নিয়ে খড়কী গ্রামের দুই পক্ষের মধ্যে শুরু হওয়া বিরোধ নির্বাচনের পরও চলছিল। শুক্রবার গ্রামের হাওরের ধান রক্ষায় পাহারাদার নিয়োগ দেন মোনায়েম খাঁ। এর বিরোধিতা করেন আবদুল হাই ও তাঁর সমর্থকেরা। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে লাঠিসোঁটা, বল্লম ও ইটপাটকেলের আঘাতে প্রায় অর্ধশত লোক আহত হন। ২২ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ফারুক মিয়া (৩৫) নামে গুরুতর আহত একজন শনিবার সকালে হবিগঞ্জ হাসপাতালে মারা যান। তিনি মোনায়েম খাঁর সমর্থক।

পরাজিত প্রার্থী আবদুল হাই ও তাঁর লোকজন দাবি করেন, শনিবার রাত ১০টার দিকে মোনায়েম খাঁর নেতৃত্বে একদল লোক তাঁদের কয়েকজন সমর্থকের বাড়িঘরে হামলা করলে বল্লমের আঘাতে বৃদ্ধা মিরাশ বিবি (৯০) প্রাণ হারান।

মোনায়েম খাঁ দাবি করেন, খুনের মামলা থেকে রক্ষা পেতে বৃদ্ধাকে নিজেরাই হত্যা করেছেন আবদুল হাইয়ের সমর্থকেরা। অভিযোগ অস্বীকার করে আবদুল হাই অভিযোগ করেন, শুক্রবার সংঘর্ষে ফারুক মিয়া আহত হননি। তাঁদের ফাঁসানোর জন্য তাঁকে হত্যা করা হয়েছে।

মাধবপুর থানার ওসি মোকতাদির হোসেন বলেন, গতকাল রোববার বিকেল পাঁচটা পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।

জয়পুরহাট: জয়পুরহাটে নিহত বিজয়ী চেয়ারম্যান প্রার্থী হলেন আবুল কালাম আজাদ। আট দিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ছয়টার দিকে মারা যান তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সদর উপজেলার ভাদসা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আজাদ ৪ জুন রাতে মোটরসাইকেলে দুর্গাদহ বাজার থেকে প্রতিবেশী পবিত্র চন্দ্রকে নিয়ে কোঁচকুঁড়ি গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে গোপালপুর-কোঁচকুঁড়ি রাস্তার পাশে দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে তাঁকে কোপায় ও গুলি করে। এ সময় তাঁর সঙ্গী পালিয়ে রক্ষা পান। তাঁদের চিৎকারে নয়ন চন্দ্র নামে এক পথচারী এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাঁকেও গুলি করে। রাতেই আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

আবুল কালাম আজাদ ৩১ মার্চ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হাতেম আলীকে বিপুল ভোটে পরাজিত করেন।

সদর থানার ওসি ফরিদ হোসেন ও ঢাকা থেকে ইউপি চেয়ারম্যান আজাদের নিকটাত্মীয় আবু বক্কর সিদ্দিক তাঁর মৃত্যুর বিষয়টি প্রথম আলোকেনিশ্চিত করেন।

আবুল কালাম আজাদের ওপর হামলার পরদিন (৫ জুন) তাঁর ছোট ভাই এনামুল হক সদর থানায় ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেন। এজাহারভুক্ত আসামিদের মধ্যে সৈকত ও হাকিম নামের দুজনকে পুলিশ শনিবার বিকেলে গ্রেপ্তার করে। গতকাল সৈকত ও হাকিম জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ ইকবাল বাহারের আদালতে হামলার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার ওসি ফরিদ হোসেন। জবানবন্দি শেষে তাঁদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্র বলেছে, আবুল কালাম আজাদ চেয়ারম্যান হিসেবে ২৯ মে শপথ নেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগেই খুন হলেন।