জয়পুরহাটে শিক্ষককে পেটালেন এক বখাটে শিক্ষার্থীর বাবা
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক মাদ্রাসাশিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করেছেন মাদ্রাসাপড়ুয়া এক বখাটে শিক্ষার্থীর বাবা। আহত ওই মাদ্রাসাশিক্ষককে আশঙ্কাজনক অবস্থায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা হয়েছে।
পাঁচবিবি থানা-পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, পাঁচবিবির সিঁধুইল দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ইয়ামিন হোসেন ওই মাদ্রাসার অষ্টম শ্রেণির দুই ছাত্রীকে সব সময় নানাভাবে উত্ত্যক্ত করত। ওই দুই শিক্ষার্থী বিষয়টি তাদের মা-বাবাদের জানায়। এর ফলে তাদের দুজনের মায়েরা মাদ্রাসায় এসে শিক্ষকদের কাছে ইয়ামিনের বিরুদ্ধে অভিযোগ দেন। মাদ্রাসার সহকারী শিক্ষক ইউনুস আলী অভিযোগের ভিত্তিতে মাদ্রাসা সুপার তোফাজ্জল হোসেনের কক্ষে ইয়ামিনকে গত মঙ্গলবার ডেকে নেন। তোফাজ্জল হোসেন এ রকম ঘটনা যেন আর না ঘটানো হয় বলে শাসন করে ইয়ামিনকে কান ধরে ওঠবস করান। পরে ওই শিক্ষার্থী তার মা-বাবাকে বলে, শিক্ষক তাকে মারধর করেছেন।
গত বৃহস্পতিবার শিক্ষক ইউনুস আলী মাদ্রাসায় আসার পথে মাদ্রাসা থেকে ৫০ গজ দূরে রাস্তায় তাঁর মোটরসাইকেল আটকিয়ে ইয়ামিনের বাবা ইসমাইল হোসেন তাঁকে লাঠিপেটা করেন। এতে তিনি মাথায় আঘাত পান। তাঁকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
ওই মাদ্রাসার সহকারী শিক্ষক সাজেদুল ইসলাম গতকাল শুক্রবার মুঠোফোনে বলেন, শিক্ষক ইউনুস শিক্ষার্থী ইয়ামিনকে শাসন করার জন্য মাদ্রাসা সুপারের কক্ষে ডেকে নেন। এ রকম ঘটনা যেন আর না ঘটানো হয়, এ জন্য সুপার তাকে শুধু কান ধরে ওঠবস করিয়ে ছেড়ে দেন। এ ঘটনার পর ইয়ামিন তার বাবা ইসমাইল ও মা সাবিনাকে বলে, শিক্ষক তাকে লাঠিপেটা করেছেন। মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবদুল আজিজ বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় বখাটে শিক্ষার্থী ইয়ামিনের বাবা ও মাকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।
পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) কিরণ কুমার রায় বলেন, ওই ঘটনায় গতকাল শুক্রবার সন্ধ্যায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।