জয়পুরহাটে সেতুর পাটাতন উৎপাটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সদর উপজেলায় গত মঙ্গলবার রাতে পাকার মাথা-বটতলী সড়কের বেইলি সেতুর মাঝখানের পাটাতন তুলে ফেলে দুর্বৃত্তরা। এতে রাত ১২টা থেকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরদিন পাটাতনটি পুনঃস্থাপন করলে যান চলাচল স্বাভাবিক হয়।
এলাকাবাসী সূত্র জানায়, রাত ১২টার দিকে দুর্বৃত্তরা বেইলি সেতুর মাঝখানের ১০ ফুট অংশের পাঁচটি লোহার পাটাতন তুলে সেতুর নিচে ফেলে দেয়। খবর পেয়ে রাত সোয়া ১২টার দিকে জয়পুরহাট সদর থানার পুলিশ যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়।
সদর উপজেলার হিচমি গ্রামের বেলাল হোসেন জানান, রাতে কে বা কারা এই সেতুর পাটাতন খুলে ফেলায় তাঁদের পারাপারে খুব অসুবিধা হয়।
জয়পুরহাট জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী বুলবুল হোসেন জানান, সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত সওজের কর্মচারী ও শ্রমিকদের মাধ্যমে সেতুটি মেরামত করার পর বেলা দুইটা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
সদর থানার এসআই আবদুল মোমিন জানান, দুর্ঘটনা এড়াতে বাঁশ ও গাছের ডাল দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়। গত বছর নির্বাচনের আগেও এ সেতুর পাটাতন তুলে ফেলা হয়েছিল।