জয়পুরহাটে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে হত্যা মামলার এক আসামিকে গত শনিবার কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে শরীয়তপুরের গোসাইরহাটে গতকাল রোববার হত্যা মামলার এক আসামি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন।

নিহত ব্যক্তি হলেন জয়পুরহাট পৌর এলাকার পূর্ব দেবীপুর গ্রামের কামাল হোসেন (৩০)। গোসাইরহাট উপজেলায় গুলিবিদ্ধ ব্যক্তির নাম মোতালেব উকিল (৫৫)। তাঁর বাড়ি উপজেলার মাছুয়াখালী গ্রামে।

জয়পুরহাট সদর থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার পূর্ব দেবীপুর গ্রামে কামালকে তাঁর নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত। কামাল হোসেনের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় অস্ত্র ও হত্যাসহ ছয়টি মামলা আছে। পুলিশ ওই রাতেই খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে।

নিহত কামাল হোসেনের ভাগনে ইউসুফ আলী বলেন, শনিবার রাতে ভাত খাওয়ার পর কামালের মুঠোফোন নম্বরে একটি ফোন আসে। ফোন পেয়ে তিনি পূর্ব দেবীপুর গ্রামে নিজের আরেকটি বাড়িতে যান। সেখানে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কামালের মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন গতকাল দুপুরে বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গোসাইরহাট থানা সূত্রে জানা যায়, গোসাইরহাট উপজেলার মাছুয়াখালী গ্রামের মোতালেব উকিল গতকাল ভোরে মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।

২০০৪ সালের ১৯ ফেব্রুয়ারি স্থানীয় আওয়ামী লীগ নেতা বি এম খালেককে হত্যা করে সন্ত্রাসীরা। মোতালেব উকিল ওই হত্যা মামলার আসামি। তবে তিনি জামিনে আছেন।

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোতালেব বলেন, মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি তাঁর গতি রোধ করে। এরপর গুলি চালায়। ওই লোকদের তিনি চিনতে পারেননি।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শেখ মোস্তফা খোকন বলেন, মোতালেবের শরীরে তিনটি গুলি লেগেছে।