জয়পুরহাটে ২৪৪ চালকল কালো তালিকাভুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বোরো মৌসুমে জয়পুরহাটের ২৪৪টি চালকলের মালিক সরকার-নির্ধারিত মূল্যে চাল সরবরাহের চুক্তি না করায় এসব চালকলকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এসব চালকল আগামী দুই বছর (চার মৌসুম) চাল সরবরাহ করতে পারবে না।

জেলার ৫ উপজেলায় ৫২৫টি চালকল রয়েছে। এর মধ্যে ২৮১টি চালকলের মালিক চাল সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

জয়পুরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, এবার বোরো মৌসুমে জেলায় ১৬ হাজার ৬০২ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ৩১ মে পর্যন্ত ২৮১টি চালকলের মালিক সরকারের সঙ্গে চাল সরবরাহের চুক্তি করেন। চুক্তির পরিমাণ ৯ হাজার ৬৩১ দশমিক ৭৫০ মেট্রিক টন চাল। গত মঙ্গলবার পর্যন্ত জয়পুরহাট সরকারি খাদ্যগুদামে চুক্তিবদ্ধ কিছু মিলের মালিক ১ হাজার ৫৮৪ মেট্রিক টন চাল সরবরাহ করেছেন। সরকারিভাবে এই চাল সংগ্রহের সময়সীমা রয়েছে ৩১ আগস্ট পর্যন্ত। সরকারি নির্দেশনা অনুযায়ী চুক্তি করে যাঁরা চাল সরবরাহ করতে ব্যর্থ হবেন, তাঁরা আগামী ১ বছর (দুই মৌসুম) সরকারের সঙ্গে আর কোনো চাল সরবরাহের চুক্তি করতে পারবেন না।

এ ব্যাপারে সদর উপজেলার মহির উদ্দীন চালকলের মালিক মহির উদ্দীন গত বুধবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ধানের দাম বেশি হওয়ায় সরকার-নির্ধারিত দামে চাল সরবরাহ করলে তাঁদের লোকসান গুনতে হবে। তাই তাঁরা চুক্তি করেননি।

জয়পুরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী গত বুধবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যেসব চালকল চাল সরবরাহের চুক্তি করেনি, তারা আগামী চার মৌসুম চাল সরবরাহের কোনো চুক্তি করতে পারবে না। আর যারা চুক্তি করে চাল দিতে ব্যর্থ হবে, তারা দুই মৌসুম চাল সরবরাহের চুক্তি করতে পারবে না।

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি জানান, সংগ্রহ অভিযান শুরু হওয়ার দুই মাস অতিবাহিত হলেও নাটোরের গুরুদাসপুরে চুক্তিবদ্ধ সব চালকল সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ করছে না। ফলে নাটোরের গুরুদাসপুর উপজেলায় বোরো মৌসুমে সরকারি চাল সংগ্রহ অভিযান বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। চালকলের মালিকেরা বলছেন, খোলাবাজারে চালের দাম বেশি এবং ধানের সংকট থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ৩ হাজার ৬১২ টন চাল সংগ্রহের জন্য ১৮৫টি চালকলকে বাছাই করা হয়। এর মধ্যে মে মাসে ২৪টি চালকলের মালিকেরা ৫০৯ টন চাল সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। চুক্তিবদ্ধ চালকলের মালিকদের মধ্যে ৬ জুলাই পর্যন্ত ১২ জন ২৮৯ টন চাল সরবরাহ করেছেন।

উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সামছুল হক শেখ বলেন, বাজারে মোটা ধান পাওয়াই যাচ্ছে না। আবার সরকারি দরের চেয়ে খোলাবাজারে চালের দাম অনেক বেশি। তাই মোটা অঙ্কের লোকসান থেকে রক্ষা পেতেই চালকলের মালিকেরা চুক্তি করতে রাজি হননি। তবে যাঁরা চুক্তি করেছেন, তাঁরা শত লোকসান হলেও শেষ পর্যন্ত চাল সরবরাহ করবেন। হয়তো একটু সময় নিচ্ছেন। তারপরও প্রতি কেজি চালের জন্য ৩-৪ টাকা করে আর্থিক ক্ষতির শিকার হবেন তাঁরা।

গুরুদাসপুর খাদ্যগুদামের ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) মাসুদ রানা বলেন, ‘লক্ষ্যমাত্রা পূরণ না হলেও চুক্তিবদ্ধ চালকলের মালিকেরা চাল সরবরাহ শুরু করেছেন। শুনেছি চুক্তিবদ্ধ অন্যরাও সরবরাহ করবেন।’

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. দুলাল উদ্দিন খান বলেন, সরকারি সিদ্ধান্ত মোতাবেক চালকলের মালিকেরা চাল সরবরাহ না করলে, তাঁদের সরকারঘোষিত শাস্তির সম্মুখীন হতে হবে।