জয়পুরহাটে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী বলে দাবি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ধরঞ্জি ইউনিয়নের রতনপুর গ্রামে এই ‘বন্দুকযুদ্ধ’ হয়। পুলিশ-বিজিবির তথ্যমতে, নিহত ব্যক্তির নাম তরিকুল ইসলাম (৪০)। তাঁর বাড়ি ধরঞ্জি ইউনিয়নের চকশিমুলিয়া গ্রামে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য, পুলিশ-বিজিবির যৌথ অভিযানে মাদক ব্যবসায়ীদের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এতে পুলিশ ও বিজিবির তিন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।


বিজিবির ভাষ্য, একটি চক্র সীমান্তের ওপর থেকে মাদক নিয়ে আসছে বলে খবর পাওয়া যায়। এর ভিত্তিতে পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালায়। তাদের ওপর আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে মাদক ব্যবসায়ীরা হামলা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ছোড়ে। এতে এক মাদক ব্যবসায়ী নিহত হন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, তরিকুলের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও আছে। তাঁর লাশ উদ্ধার করে জয়পুরহাট হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।