জয়পুরহাটে 'সন্ত্রাসী' কামাল নিহত
জয়পুরহাট পৌর এলাকায় ‘সন্ত্রাসী’ হিসেবে পরিচিত কামাল হোসেনকে দেবিপুর গ্রামে তাঁর নিজের বাড়িতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ খবর পেয়ে রাতেই লাশটি উদ্ধার করে।
পুলিশের দাবি, কামাল হোসেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশের ধারণা কামালের বয়স ২৮ বছরের মতো।
কামালের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, গতকাল রাতে সাড়ে ১০টার দিকে চার-পাঁচজনের একটি সন্ত্রাসী দল কামালের বাড়ির সঙ্গে লাগোয়া একটি ঘরে ঢুকে কামালকে কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে নিজ দলের লোকজনের হাতেই কামাল নিহত হয়েছেন।
লাশ ময়নাতদন্তের জন্য আজ রোববার সকালে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।