জয়পুরহাটের আদিবাসী পল্লিতে রক্তাক্ত কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সুমন হেমব্রম নামের এক ব্যক্তি তার ছেলে, শাশুড়ি, শ্যালিকা ও ফুফাশ্বশুরকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। গতকাল শনিবার ভোরে বাগজানা ইউনিয়নের ভীমপুর তালতলী গ্রামের আদিবাসী পল্লিতে এ ঘটনা ঘটে। এ সময় সুমন তার স্ত্রী সিলভিয়া মারান্ডিকেও কুপিয়ে আহত করে। পুলিশ সুমনকে গ্রেপ্তার করেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও সাংবাদিকদের কাছে সুমন এ হত্যাকাণ্ড ঘটানোর কথা স্বীকার করেছে।
সিলভিয়া মারান্ডিকে গুরুতর অবস্থায় প্রথমে জয়পুরহাট আধুনিক হাসপাতালে, পরে দিনাজপুরের পার্বতীপুর মিশন হাসপাতালে এবং সর্বশেষ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন সুমনের শাশুড়ি সন্ধ্যা রানী (৪৮), সুমনের ছয় বছরের ছেলে সানি হেমব্রম, শ্যালিকা তেরেজা মারান্ডি (২১) ও ফুফাশ্বশুর মারকেল মারান্ডি। সুমন ওই বাড়িতে ঘরজামাই হিসেবে থাকত।
পাঁচবিবি থানা ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গতকাল ভোরের দিকে ওই বাড়িতে চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত সেখানে ছুটে যান। গিয়ে দেখেন, সুমনের স্ত্রী সিলভিয়া একটি বন্ধ ঘরের জানালায় রক্তাক্ত হাত দিয়ে বাঁচার আকুতি জানিয়ে চিৎকার করছেন। এরপর তাঁরা বাড়িতে ঢুকে দেখেন, বারান্দা ও ঘরে চারজনের রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। সুমন বারান্দায় একটি চেয়ারে বসে ছিলেন। বারান্দার দরজা লাগানো ছিল। এরপর প্রতিবেশীরা দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে পাঁচবিবি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে গ্রেপ্তার করে। পাশাপাশি পুলিশ সুমনের স্ত্রীকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে পাঠায়। লাশগুলো পাঠানো হয় ওই হাসপাতালের মর্গে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়েছে।
প্রতিবেশী লঘুনাথ টুডু জানান, এখানে ২৬-২৭টি আদিবাসী পরিবার বাস করে। ২০০৭ সালে পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের নওয়ানা গ্রামের নবীন হেমব্রমের ছেলে সুমন হেমব্রমের সঙ্গে বাগজানা ইউনিয়নের ভীমপুর তালতলী গ্রামের ম্যানিয়েল মারান্ডির মেয়ে সিলভিয়ার বিয়ে হয়। তখন থেকে সুমন ওই বাড়িতে থেকে ভটভটি, নছিমনসহ শ্যালো ইঞ্জিন মেরামতের কাজ করতেন। বেশ কিছুদিন থেকে সুমন ঢাকায় গিয়েও মেকানিকের কাজ করেন। মাস দেড়েক আগে তিনি ঢাকা থেকে বাড়িতে ফিরে আসেন। তবে কী কারণে সুমন এ নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন—তা তিনি জানেন না।
ভীমপুর গ্রামের সিলভিয়ার চাচা রশিদ মারান্ডি বলেন, ‘সুমন দীর্ঘদিন থেকে ঘরজামাই হিসেবে ওই পরিবারে রয়েছে। হত্যাকাণ্ড সম্পর্কে তিনি কিছুই বুঝতে পারছেন না।’ সুমনা টুডু নামের এক গৃহবধূ জানান, ঘটনার পর আহত সিলভিয়ার দুই শিশুসন্তানকে তিনি (সুমনা) তাঁর কাছে রেখেছেন।
পুলিশ হেফাজতে থাকাকালে সুমন সাংবাদিকদের কাছে দাবি করেন, স্ত্রী সিলভিয়ার খারাপ আচরণে ক্ষুব্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় তিনি শাশুড়িসহ চারজনকে কুপিয়ে হত্যা করেন। স্ত্রীকেও হত্যার চেষ্টা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল বলেন, সুমন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। কী কারণে হত্যার ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হবে। এ ঘটনায় সুমনকে আসামি করে পাঁচবিবি থানায় হত্যা মামলা করেছেন তার শ্বশুর ম্যানিয়েল মারান্ডি।
জয়পুরহাট আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক সাইদুর রহমান জানান, সিলভিয়ার মাথা ও হাতের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে দিনাজপুরের পার্বতীপুর মিশন হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।