জয়ের পরও মার খাচ্ছেন কর্মী-সমর্থকেরা!
নির্বাচনে জয়ের পরেও শরীয়তপুরের নড়িয়ার আওয়ামী লীগের প্রার্থী হায়দার আলীর কর্মী-সমর্থকেরা মার খাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকালে পরাজিত বিদ্রোহী প্রার্থীর লোকজন আওয়ামী লীগের প্রার্থীর চারজন সমর্থককে মারধর করেছে। অন্যদিকে ভেদরগঞ্জ উপজেলায় পরাজিত এক কাউন্সিলর প্রার্থীর বাড়িতে ভাঙচুর করেছে প্রতিপক্ষ।
নড়িয়ার আওয়ামী লীগের সমর্থকেরা বলেন, পরাজিত বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলামের লোকজন আজ সকাল আটটার দিকে নড়িয়ার পশ্চিম লোনসিং ও মাতবর বাজার এলাকায় আওয়ামী লীগের কয়েকজন সমর্থকের বাড়িতে হামলা চালায়। এ সময় পিয়ার হোসেন (২৮) ও নজরুল মাতবরকে (৪০) কুপিয়ে আহত করা হয়। এ ছাড়া আমেনা বেগম (৩৬) ও রহিমা বেগমকে (৫৫) বেদম পেটানো হয়। আওয়ামী লীগের সমর্থক শামীম মাতবর ও আজিজ মাতবরের বাড়িতে ভাঙচুরও করা হয়।
শামীম মাতবর প্রথম আলোকে বলেন, পরাজিত প্রার্থী শহিদুল ইসলামের ছোট ভাই খোকন রাঢ়ীর নেতৃত্বে এসব হামলা চালানো হয়। এ ঘটনায় আমেনা বেগমের বাবা কাদের ছৈয়াল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তবে এখনো সেটিকে মামলা হিসেবে গ্রহণ করেনি পুলিশ।
এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে’।
এ বিষয়ে জানতে শহীদুল ইসলামের মোবাইলে ফোন করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।
অন্যদিকে শরীয়তপুরের ভেদরগঞ্জে নির্বাচনকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে ৭ নম্বর ওয়ার্ডের গইড্ডায় পরাজিত কাউন্সিলর প্রার্থী সুমন হাওলাদারের বাড়িতে হামলা হয়। আজ ওই বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরের ভেতরের আসবাবপত্র ও টেবিল চেয়ারসহ সবকিছু ভাঙা। এখানে সেখানে পড়ে আছে ভাঙা কাচ ও চেয়ার-টেবিল। এমনকি রান্নার হাঁড়ি-পাতিলও ভাঙচুর করা হয়েছে। হামলায় সুমনের চার বছর বয়সী ছেলে হামিম হাওলাদারও হয়েছে। তার ডান পায়ে ব্যান্ডেজ করতে হয়েছে।
সুমনের স্ত্রী মানসুরা বেগম বলেন, তাঁর মুখে বাঁশ দিয়ে আঘাত করা হয়। এতে তাঁর নাকের নিচে কেটে গেছে।
সুমন হাওলাদার অভিযোগ করেন, গতকাল বিকেলে ভেদরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ফলাফলে তিনি ২১ ভোটে পরাজিত হন। এখানে বিজয়ী হন বাবুল হাওলাদার। ফলাফল দেখে তিনি পুনরায় ভোট গ্রহণের জন্য নির্বাচনী কর্মকর্তাদের অনুরোধ করেন। এ সময় দুই প্রার্থীর কর্মী-সমর্থকেরা কেন্দ্র ঘেরাও করে রাখে। একপর্যায়ে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে ১১৪টি গুলি ছোড়ে। এই ঘটনার জের ধরে রাতে বাবুল হাওলাদারের লোকজন এসে তাঁর বাড়িতে হামলা চালায়। এ ছাড়া পুলিশও তাঁর বিরুদ্ধে একটি মামলা করেছে।
ভেদরগঞ্জ থানার ওসি শেখ কবিরুল ইসলাম বলেন, ‘নির্বাচনের দিন সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সুমন হাওলাদারসহ ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে পুলিশ একটি মামলা করেছে’।
তবে বাবুল হাওলাদার এই হামলার ঘটনা অস্বীকার করেন।
এদিকে শরিয়তপুর সদরে নির্বাচনের দিন সহিংসতায় আহত পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার গোলাম রাব্বানী।