ঝগড়া করায় গৃহবধূকে পেটালেন ইউপি সদস্য
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্বামীর সঙ্গে ঝগড়া করায় এক গৃহবধূকে ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য লাঠি দিয়ে বেধড়ক পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত গৃহবধূকে (২২) গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন ওই গৃহবধূ জানান, তাঁদের বাড়ি রাঙ্গাবালীর ভূঁইয়ারহাওলা গ্রামে। তাঁর স্বামী শিপন ঘরামি (২৭) কৃষিশ্রমিক। ছয় বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের ঘরে চার বছরের একটি মেয়ে রয়েছে। গত মঙ্গলবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তাঁর ঝগড়া হয়। ওই ঘটনায় পরদিন সকালে তাঁর শাশুড়ি আনোয়ারা বেগম ছোটবাইশদিয়া ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আকতারুজ্জামান ওরফে লিটুকে বাড়িতে ডেকে আনেন। আকতারুজ্জামান বাড়িতে গিয়ে তাঁকে ঘর থেকে বের হতে বলেন। তিনি বের হয়ে পাশের বেড়িবাঁধের ওপর গেলে কোনো কথা না বলেই আকতারুজ্জামান তাঁকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে শুরু করেন।
আকতারুজ্জামানের সঙ্গে শাহজাহান ফকির নামের এক ব্যক্তিও তাঁকে লাঠি দিয়ে পেটান। এ সময় তাঁর চিৎকার শুনে এলাকাবাসী এসে তাঁকে উদ্ধার করেন।
গৃহবধূ বলেন, ‘উনারা যখন আমারে পিটায়, তখন আমার শ্বশুর, শাশুড়ি ও বড় জা কাছে দাঁড়াইয়া ছিলেন। কেউ বাঁচাইতে আসে নাই। ওই সময় আমার স্বামীও বাড়িতে ছিলেন না।’
ওই গৃহবধূর বাবা একই ইউনিয়নের সাঁঝিরহাওয়া গ্রামের মো. আবদুর রব মাতুব্বর বলেন, ‘আমার মাইয়াডারে পিডাইয়া (পিটিয়ে) কালা (কালো) বানাইয়া দিছে। আমি এর বিচার চাই।’
আনোয়ারা বেগম বলেন, ‘আমি লিটু মেম্বারের কাছে নালিশ করেছি। তবে মেম্বার কোনো মারধর করেননি।’
যোগাযোগ করা হলে আকতারুজ্জামান দাবি করেন, ‘আমি বাড়িতে গিয়ে মেয়েটির বাবাকে খবর দিয়ে তাঁকে (গৃহবধূকে) বাবার বাড়িতে চলে যেতে বলেছি। এরপর আমি ঘটনাস্থল থেকে চলে আসি। মারধরের অভিযোগ সঠিক নয়।’ হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূর শরীরে পিটুনির আঘাতের চিহ্ন রয়েছে—এ কথার জবাবে আকতারুজ্জামান বলেন, ‘ওই চিহ্ন কীভাবে এল তা আমার জানা নেই।’
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, ওই গৃহবধূর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।